ক্যাপ্টেন বুমরাহর জাদু! ম্যাচ জিতিয়ে বললেন, ‘স্বপ্নেও ভাবিনি ভারতের নেতৃত্ব দেব’

নিজস্ব সংবাদদাতা : আইপিএলের মঞ্চে নেতৃত্বের অভিষেক, আর সেই ম্যাচেই দলকে জয়ের পথে এগিয়ে দিলেন জশপ্রীত বুমরাহ। পঞ্জাব কিংসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমবার মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসাবে মাঠে নামেন ভারতীয় তারকা পেসার। আর দায়িত্ব পেয়েই বাজিমাত! এক রোমাঞ্চকর ম্যাচে পাঞ্জাবকে হারিয়ে প্লে-অফের লড়াইয়ে নিজেদের আরও শক্ত অবস্থানে নিয়ে গেল মুম্বই।তবে ম্যাচ জয়ের আনন্দের মাঝেও বুমরাহর একটি মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। ম্যাচ শেষে তিনি বলেন,
“১৯ বছর বয়সে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিলাম। তখন কখনও ভাবিনি, মুম্বইকে নেতৃত্ব দেওয়ার আগেই ভারতের টেস্ট দলের অধিনায়ক হয়ে যাব! দায়িত্ব নিতে আমার ভালো লাগে। এটা নতুন চ্যালেঞ্জ, আর আমি সেটাকে উপভোগ করতে চাই।”এই মন্তব্য ঘিরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জল্পনা। অনেকেই মনে করছেন, ভারতের টেস্ট দলের স্থায়ী অধিনায়ক না হতে পারার আক্ষেপ হয়তো ঝরে পড়েছে বুমরাহর কথায়। যদিও ক্রিকেট মহলের একাংশের মতে, বুমরাহর মন্তব্যে হতাশা নয়, বরং ছিল আত্মবিশ্বাস ও হালকা মজার ছোঁয়া।উল্লেখ্য, রোহিত শর্মার অনুপস্থিতিতে আগেও ভারতের টেস্ট দলকে নেতৃত্ব দিয়েছেন বুমরাহ। কিন্তু রোহিতের অবসরের পর টিম ইন্ডিয়ার পূর্ণকালীন অধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে। সেই প্রেক্ষাপটেই বুমরাহর এই মন্তব্যকে ঘিরে বাড়ছে চর্চা।বৃহস্পতিবারের ম্যাচে হার্দিক পাণ্ডিয়া ও সূর্যকুমার যাদব না থাকায় অধিনায়কত্বের দায়িত্ব এসে পড়ে বুমরাহর কাঁধে। আর সেই দায়িত্ব সামলেই পয়েন্ট টেবিলের উপরের সারিতে থাকা পাঞ্জাব কিংসকে হারিয়ে দিল মুম্বই। আইপিএলের ইতিহাসে মুম্বই ইন্ডিয়ান্সের দশম অধিনায়ক হিসাবেও নাম লিখিয়ে ফেললেন তিনি।ম্যাচে প্রথমে ব্যাট করে ২০০ রান তোলে পাঞ্জাব কিংস। জবাবে শেষ ওভারের নাটকীয়তায় এক বল বাকি থাকতে ৪ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মুম্বই ইন্ডিয়ান্স। যদিও দলের জয়েও ব্যক্তিগতভাবে উইকেটশূন্যই থাকলেন বুমরাহ।তবে উইকেট না পেলেও নেতৃত্বে যে তিনি সফল, তা আর বলার অপেক্ষা রাখে না। মাঠে তাঁর শান্ত উপস্থিতি এবং কৌশলী সিদ্ধান্তই শেষ পর্যন্ত মুম্বইকে এনে দিল গুরুত্বপূর্ণ জয়।