'বন্দে মাতরম্'-এর ধ্বনিতে মুখর খেজুরি, কেয়ার অফ খেজুরির উদ্যোগে পালিত হলো ঋষি বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তী !

নিজস্ব সংবাদদাতা : দেশপ্রেম, জাতীয় চেতনা ও সাংস্কৃতিক মূল্যবোধকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে মহাসমারোহে পালিত হলো ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯তম জন্মজয়ন্তী এবং তাঁর অমর সৃষ্টি ‘বন্দে মাতরম’-এর ১৫০তম বর্ষ উদযাপন। কেয়ার অফ খেজুরি সমাজসেবী সংস্থার উদ্যোগে এবং মাই ভারত ও গ্রীনভিউ নার্সারি স্কুলের সহযোগিতায় গ্রীনভিউ নার্সারি স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় এক হাজারেরও বেশি ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দেশাত্মবোধক পরিবেশে মুখরিত হয়ে ওঠে গোটা অনুষ্ঠান প্রাঙ্গণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেয়ার অফ খেজুরি সমাজসেবী সংস্থার সভাপতি শুভ্রজিৎ পণ্ডা, খেজুরি গ্রাম পঞ্চায়েতের প্রধান কালিপদ মণ্ডল, গ্রীনভিউ নার্সারি স্কুলের প্রধান পূর্ণেন্দু মণ্ডল এবং সংস্থার সদস্য হিরণ্ময় প্রামাণিক, শুভজিৎ দাস, শুভমিতা পাহাড়ী, টিয়া পাহাড়ী, দিব্যাঙ্কা পণ্ডা-সহ অন্যান্য সদস্যবৃন্দ। আলোচনায় বক্তারা বলেন, ‘বন্দে মাতরম’ কেবল একটি গান নয়, এটি ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রেরণার উৎস এবং জাতীয় চেতনা, আত্মমর্যাদা ও দেশপ্রেমের এক চিরন্তন প্রতীক। বর্তমান প্রজন্মের কাছে বঙ্কিমচন্দ্রের সাহিত্য, আদর্শ ও দেশপ্রেমের বার্তা পৌঁছে দেওয়া আজ সময়ের দাবি।অনুষ্ঠানের শেষে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ সমাজ গঠনের অঙ্গীকারের মধ্য দিয়ে এই বিশেষ আয়োজনের সফল সমাপ্তি ঘটে।