মেদিনীপুর শহরের গেট বাজার এলাকার সরকারি আবাসনে তালা ভেঙে নগদ ও সোনার গয়না লুট !
সেখ ওয়ারেশ আলী: মেদিনীপুর শহরের গেট বাজার এলাকার সরকারি আবাসনে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাড়িতে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে দুষ্কৃতীরা নগদ অর্থের পাশাপাশি লক্ষাধিক টাকার সোনার গয়না লুট করে নিয়ে পালিয়েছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে সরকারি আবাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। জানা গিয়েছে, মেদিনীপুর মেডিক্যাল কলেজের নার্সিং স্টাফ তপতী লাহা রবিবার রাতে স্বামী ও মেয়েকে নিয়ে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যান। অনুষ্ঠান শেষে সেদিন রাতেই তাঁরা তপতী দেবীর মায়ের বাড়িতে থেকে যান। সেই সুযোগেই গভীর রাতে দুষ্কৃতীরা বাড়ির তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। অভিযোগ, ঘরের আলমারি ভেঙে নগদ টাকা এবং লক্ষাধিক টাকার সোনার গয়না নিয়ে চম্পট দেয় তারা। সোমবার সকালে প্রতিদিনের মতো দুধ দিতে এসে বারবার ডাকাডাকি করেও কোনও সাড়া না পেয়ে দুধ বিক্রেতা তপতী লাহার সঙ্গে ফোনে যোগাযোগ করেন। পরে তিনি লক্ষ্য করেন, বাড়ির দরজার তালা খোলা রয়েছে। বিষয়টি জানানো হলে তপতী লাহা দ্রুত বাড়িতে ফিরে এসে দেখেন, ঘরের সমস্ত জিনিসপত্র তছনছ অবস্থায় পড়ে রয়েছে। আলমারি ভাঙা, গয়নার বাক্স খালি এবং মূল্যবান সামগ্রী উধাও। এরপরই কোতোয়ালি থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখছে এবং দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।এই ঘটনার পর সরকারি আবাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাসিন্দারা। তাঁদের অভিযোগ, আবাসনের অধিকাংশ সিসিটিভি ক্যামেরাই দীর্ঘদিন ধরে অচল। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থায় একাধিক গাফিলতির কারণেই বারবার চুরির মতো ঘটনা ঘটছে। স্থানীয়দের দাবি, এর আগেও এই সরকারি আবাসনে একাধিকবার চুরির ঘটনা ঘটলেও নিরাপত্তা জোরদারে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।