ক্যাটলিনা জয় আফরিন জাবিরের! ১৫ ঘণ্টা ৫১ মিনিটে প্রশান্ত মহাসাগর পেরিয়ে ইতিহাস!

নিজস্ব সংবাদদাতা: সমস্ত প্রতিকূলতাকে পিছনে ফেলে অবশেষে সফল হলেন মেদিনীপুরের সাঁতারু আফরিন জাবির। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ক্যাটলিনা চ্যানেল জয় করলেন তিনি। প্রায় ১৫ ঘণ্টা ৫১ মিনিটের কঠিন জলযুদ্ধের পর প্রশান্ত মহাসাগরের বুকে উড়ল ভারতের বিজয় পতাকা।ভারতীয় সময় রাত প্রায় ২টা ৪৫ মিনিট

গোটা দেশ যখন গভীর ঘুমে, তখন ক্যালিফোর্নিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলেন আফরিন। প্রবল স্রোত, ঠান্ডা জল এবং দীর্ঘ সময়ের শারীরিক ও মানসিক চাপকে উপেক্ষা করে ক্যাটলিনা চ্যানেলের চ্যালেঞ্জ সফলভাবে অতিক্রম করেন তিনি।ক্যাটলিনা জয় আফরিনের কাছে শুধু একটি সাঁতার প্রতিযোগিতায় সাফল্য নয়।

ক্যালিফোর্নিয়ার সান পেড্রো থেকে শুরু হওয়া প্রায় ৩২ কিলোমিটার দূরত্বের এই চ্যানেলটি বিশ্বের ওপেন ওয়াটার সাঁতারুদের কাছে এক অন্যতম বড় পরীক্ষা। প্রশান্ত মহাসাগরের তীব্র কনকনে ঠান্ডা জল, প্রবল স্রোত এবং রাতের অন্ধকারের মতো কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করে তিনি এই অভিযান সফল করেন। পরিকল্পনা অনুযায়ী রাতের বেলাতেই তিনি জলে নেমেছিলেন এবং একটানা লড়াই চালিয়ে নির্ধারিত গন্তব্যে পৌঁছান।দীর্ঘ প্রস্তুতি, কঠোর অনুশীলন এবং একের পর এক প্রতিকূলতার বিরুদ্ধে লড়াইয়ের পর এই সাফল্য এসেছে। তাঁর এই জয়ে উচ্ছ্বসিত পরিবার, পরিজন এবং বাংলার ক্রীড়াপ্রেমীরা।আফরিনের বাবা জানিয়েছেন, আফরিন বর্তমানে সুস্থ রয়েছেন।

কঠিন এই অভিযানের শেষে তাঁর শারীরিক অবস্থা ভালো থাকায় স্বস্তি ফিরেছে পরিবারে।এর আগে ইংলিশ চ্যানেল ও পক প্রণালী পেরিয়ে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছিলেন আফরিন। এবার সেই তালিকায় যুক্ত হল বিশ্বের অন্যতম কঠিন ওপেন-ওয়াটার চ্যালেঞ্জ ক্যাটলিনা চ্যানেল। একের পর এক সমুদ্রপথ জয় করে আফরিন যেন নিজের স্বপ্নের সীমানাকেই আরও বিস্তৃত করে চলেছেন।

ক্যাটলিনার উত্তাল জলরাশি পেরিয়ে যখন ভারতের পতাকা উড়ল, তখন তা হয়ে উঠল অধ্যবসায়, সাহস এবং অদম্য মানসিক শক্তির প্রতীক। আফরিনের এই সাফল্যে অভিনন্দনের ঢেউ উঠেছে বাংলাজুড়ে।অভিনন্দন আফরিন। তোমার এই সাফল্যে গর্বিত বাংলা, গর্বিত ভারত।