ক্যাটলিনা জয়ের লক্ষ্যে মেদিনীপুরের আফরিন!

নিজস্ব সংবাদদাতা : ইংলিশ চ্যানেল ও পক প্রণালী পেরিয়ে এবার আমেরিকার অন্যতম কঠিন সমুদ্রপথ ক্যাটলিনা চ্যানেল জয়ের লক্ষ্যে নামছেন মেদিনীপুরের সাঁতারু আফরিন জাবির। ক্যালিফোর্নিয়ার সান পেড্রোতে পৌঁছে গিয়েছেন তিনি। সব ঠিক থাকলে বুধবার, ২৩ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত সাড়ে ১০টা নাগাদ ক্যাটলিনা চ্যানেলে সাঁতার শুরু করবেন আফরিন। ভারতীয় সময় অনুযায়ী তা হবে বুধবার সকাল প্রায় ১১টা।প্রায় ৩২ কিলোমিটার দীর্ঘ ক্যাটলিনা চ্যানেল পাড়ি দিতে আফরিনের প্রায় ১২ ঘণ্টা সময় লাগতে পারে বলে জানা যাচ্ছে। তবে সান পেড্রো থেকে আফরিন জানিয়েছেন, তাঁর লক্ষ্য ১০ ঘণ্টার মধ্যে এই জলপথ অতিক্রম করা। পুরো সাঁতারটাই তাঁকে রাতের অন্ধকারে করতে হবে।এর আগে গত বছর জুলাইয়ে প্রায় ৩৪ কিলোমিটার দীর্ঘ ইংলিশ চ্যানেল অতিক্রম করতে আফরিনের সময় লেগেছিল ১৩ ঘণ্টা ১৩ মিনিট। চলতি বছরের মে মাসে ভারত ও শ্রীলঙ্কার মধ্যবর্তী প্রায় ৩৪ কিলোমিটার দীর্ঘ পক প্রণালী পেরোতে সময় নেন ৭ ঘণ্টা ৫ মিনিট। এবার ক্যাটলিনা জয়ের মাধ্যমে আন্তর্জাতিক সাঁতারের ক্ষেত্রে আরও একটি উল্লেখযোগ্য নজির গড়ার লক্ষ্য মেদিনীপুরের মেয়ে আফরিনের।