পাঁচ কিলোমিটার দৌড়ে গান্ধীজয়ন্তী পালন, মেদিনীপুর DAV পাবলিক স্কুলে উৎসবের আবহ

নিজস্ব সংবাদদাতা :মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মজয়ন্তী উপলক্ষে পাঁচ কিলোমিটার দৌড় প্রতিযোগিতার আয়োজন করল মেদিনীপুরের ঐতিহ্যবাহী DAV পাবলিক স্কুল। ‘Run for DAV’ এবং ‘Fit DAV Freedom Run’-এর উদ্যোগে আয়োজিত এই দৌড়কে ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই মেদিনীপুর শহরে তৈরি হয় উৎসবের আবহ।সুস্থ শরীর ও সচেতন মানসিকতা গড়ে তোলার পাশাপাশি মহাত্মা গান্ধীর অহিংসা, সম্প্রীতি ও ঐক্যের বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াই ছিল এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। বিদ্যালয়ের পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় ক্রীড়াপ্রেমীদের অংশগ্রহণে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।সকাল ৭টায় মহাত্মা গান্ধী ও প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর উপস্থিত সকলে স্বচ্ছতার শপথ গ্রহণ করেন। বিদ্যালয়ের পতাকাকে সম্মান জানানোর পর পাঁচ কিলোমিটার দৌড়ের সূচনা করেন বিদ্যালয়ের অধ্যক্ষ এন. কে. গৌতম।দৌড় প্রতিযোগিতায় বিদ্যালয়ের প্রায় ১৮০ জন পড়ুয়া অংশ নেয়। নির্দিষ্ট পথ ধরে তরুণ দৌড়বিদদের দৌড় চলাকালীন পথচলতি মানুষ করতালি দিয়ে তাঁদের উৎসাহিত করেন। গান্ধীজয়ন্তীর দিনে শরীরচর্চা ও স্বাস্থ্য সচেতনতার এমন উদ্যোগ ঘিরে পড়ুয়াদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ।প্রতিযোগিতা শেষে ছেলে ও মেয়ে—উভয় বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পাশাপাশি অংশগ্রহণকারী অভিভাবকদেরও মেমেন্টো প্রদান করা হয়। দৌড় সম্পূর্ণ করা প্রত্যেক অংশগ্রহণকারীর হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র।বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এই ক্রীড়া ও সচেতনতামূলক কর্মসূচিতে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষা কর্মী এবং অভিভাবকদের সক্রিয় সহযোগিতা ছিল। তাঁদের সম্মিলিত অংশগ্রহণে গান্ধীজয়ন্তীর এই বিশেষ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।