মেদিনীপুরের ঐতিহ্যবাহী অ্যাথলেটিক কোচিং সেন্টারের ৫০তম প্রতিষ্ঠা দিবস উদযাপন
Biplabi Sambad Darpan -
নিজস্ব সংবাদদাতা :১৯৭৭ সালের ৬ আগস্ট প্রতিষ্ঠিত অ্যাথলেটিক কোচিং সেন্টার, মেদিনীপুর (পশ্চিম মেদিনীপুর)-এর ৫০তম প্রতিষ্ঠা দিবস বৃহস্পতিবার শ্রী অরবিন্দ স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে পালিত হল। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও ক্রীড়াবিদ, সদস্য-সদস্যা, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে দিনটি স্মরণীয় হয়ে ওঠে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টারের সভাপতি পরমেশ্বর জানা। উপস্থিত ছিলেন সেন্টারের সম্পাদক ড. সুব্রত কুমার পান। প্রধান অতিথি হিসেবে যোগ দেন মেদিনীপুর বিধানসভার বিধায়ক ড. শঙ্কর গুচ্ছাইত। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন অ্যাথলিট ও হাওড়া জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি স্বপন খান, প্রাক্তন অ্যাথলিট ও অ্যাথলেটিক্স প্রশিক্ষক তথা এসিএবি-র সহ-সম্পাদক অরুণ কুমার সাহা, প্রাক্তন অ্যাথলিট ও প্রশিক্ষক সুভাষ সরকার, মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সঞ্জিত তোরই, প্রাক্তন ক্রীড়াবিদ ড. হৃষীকেশ দে-সহ বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ও সেন্টারের সদস্যরা।দিনের সূচনা হয় অ্যাথলিটদের নেতৃত্বে মশাল দৌড় এবং মূল মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে। এরপর ‘স্বাস্থ্যের জন্য হাঁটা’ শীর্ষক পদযাত্রায় বিধায়ক, অতিথি, অভিভাবক এবং সদস্য-সদস্যারা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে জাতীয় ও রাজ্য স্তরের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ ও সাফল্য অর্জনকারী ২৪ জন ক্রীড়াবিদকে সংবর্ধনা দেওয়া হয়।
পাশাপাশি ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ সেন্টারের সদস্য-সদস্যাদেরও বিশেষভাবে সম্মানিত করা হয়।সেন্টারের সম্পাদক ড. সুব্রত কুমার পান জানান, সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে আগামী এক বছর ধরে বিভিন্ন ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে এই বিশেষ বর্ষ উদযাপন করা হবে। তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও বেশি উৎসাহিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।অনুষ্ঠানের শেষে সেন্টারের সহ-সভাপতি অসীম কাইতি উপস্থিত সকল অতিথি, ক্রীড়াবিদ, অভিভাবক ও সদস্য-সদস্যাদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।অর্ধশতকের এই গৌরবময় যাত্রায় নতুন প্রজন্মের ক্রীড়াবিদ তৈরির অঙ্গীকারের মধ্য দিয়েই সুবর্ণ জয়ন্তী উদযাপনের আনুষ্ঠানিক সূচনা করল মেদিনীপুরের ঐতিহ্যবাহী অ্যাথলেটিক কোচিং সেন্টার।