নবগঠিত বিধানসভার বিজ্ঞপ্তি রাজ্যপালের হাতে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আনুষ্ঠানিক সূচনা!
নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের আবহে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদক্ষেপ। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) আজ নির্বাচন কমিশন অব ইন্ডিয়া (ইসিআই)-এর প্রধান সচিব, সচিব ও উপসচিবদের সঙ্গে নিয়ে মাননীয় রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন।এই বৈঠকে নবগঠিত বিধানসভার গঠন সংক্রান্ত আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি রাজ্যপালের হাতে তুলে দেওয়া হয়। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর এই প্রক্রিয়াকে গণতান্ত্রিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবেই দেখা হচ্ছে।প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এই বিজ্ঞপ্তি হস্তান্তরের মাধ্যমে নতুন বিধানসভার কার্যক্রম শুরু হওয়ার পথ কার্যত সুগম হল। খুব শীঘ্রই সরকার গঠন, শপথগ্রহণ এবং বিধানসভার প্রথম অধিবেশন সংক্রান্ত পরবর্তী পদক্ষেপগুলি শুরু হবে।রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই আনুষ্ঠানিকতা শুধুমাত্র একটি প্রোটোকল নয়, বরং রাজ্যের নতুন প্রশাসনিক অধ্যায়ের সূচনার অন্যতম প্রধান ধাপ।