চন্দ্রকোণায় তৃণমূলের প্রচারে গতি, কার্যালয় উদ্বোধনে ঐক্যের বার্তা মিতালী বাগের!
নিজস্ব সংবাদদাতা : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় জোরকদমে প্রচারে নেমেছে তৃণমূল কংগ্রেস। ২৩শে মার্চ সোমবার কালিকাপুর এলাকায় দলের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন ঘিরে জমে ওঠে রাজনৈতিক আবহ।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ মিতালী বাগ। মঞ্চ থেকে তিনি দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে স্পষ্ট বার্তা দেন—ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাড়ি বাড়ি গিয়ে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্প ও সাফল্যের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।এদিনের সভায় উপস্থিত ছিলেন চন্দ্রকোণা পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র, ঘাটাল সাংগঠনিক জেলার সহ-সভাপতি হীরালাল ঘোষ, যুব সভাপতি সৌরভ চক্রবর্তী-সহ একাধিক নেতা-কর্মী।সভা থেকে চন্দ্রকোণা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সূর্যকান্ত দলুই-এর সমর্থনে জোরদার প্রচারের ডাক দেন সাংসদ। তাঁর দাবি, বিপুল ভোটে সূর্যকান্ত দলুইকে জয়ী করতে হলে বুথ থেকে ব্লক স্তর পর্যন্ত প্রত্যেক কর্মীকে ঝাঁপিয়ে পড়তে হবে।ভোটের আগে এই কর্মসূচিকে ঘিরে চন্দ্রকোণায় তৃণমূলের সংগঠন যে আরও সক্রিয় হয়ে উঠছে, তা স্পষ্ট বলেই মনে করছে রাজনৈতিক মহল।