মুকুটমণিপুরে সিধো-কানহোর মূর্তি, হুল দিবসে উন্মোচন করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু!

অভিজিৎ সাহা : বাঁকুড়ার অন্যতম পর্যটনকেন্দ্র মুকুটমণিপুরে নতুন পরিচয় পেতে চলেছে একটি গুরুত্বপূর্ণ স্থান। আগে যেখানে বিশ্ব বাংলা গ্লোব ও হরিণের ভাস্কর্য ছিল, সেখানে এবার স্থাপন করা হচ্ছে সাঁওতাল বিদ্রোহের দুই মহান নেতা সিধো-কানহোর মূর্তি। আগামী ৩০ জুন হুল দিবস উপলক্ষে এই মূর্তির আবরণ উন্মোচন করতে পারেন মুখ্যমন্ত্রী Suvendu Adhikari।মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার বাঁকুড়া সফরে যাচ্ছেন শুভেন্দু। হুল দিবসের সরকারি অনুষ্ঠান এ বছর মুকুটমণিপুরের একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত হতে চলেছে। অনুষ্ঠানকে ঘিরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে।শনিবার অনুষ্ঠানস্থলে প্রস্তুতি পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী Khudiram Tudu, বাঁকুড়ার জেলাশাসক Anish Dasgupta, জেলা পুলিশ সুপার PVG Satish, খাতড়ার মহকুমাশাসক Tapas Bhattacharya এবং রাইপুরের বিধায়ক Kshetramohan Hansda। বৈঠকে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, মঞ্চ নির্মাণ, দর্শকাসন ও অন্যান্য পরিকাঠামোগত প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।ইতিমধ্যেই অনুষ্ঠানস্থল এবং খাতড়া থেকে মুকুটমণিপুর পর্যন্ত রাস্তার দু’পাশে আগাছা পরিষ্কারের কাজ শুরু হয়েছে। পাশাপাশি দ্রুত গতিতে চলছে মঞ্চ, নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি দপ্তরগুলির তথ্য-পরিষেবা স্টল তৈরির কাজ।মন্ত্রী ক্ষুদিরাম টুডু জানান, হুল দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী এলাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেবেন। এছাড়াও আদিবাসী সমাজের বিশিষ্ট শিল্পী, সাহিত্যিক, নাট্যকার এবং বিভিন্ন ক্ষেত্রে কৃতী ব্যক্তিদের সম্মান জানানো হবে। অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বের পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্প ও পরিষেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তথ্যকেন্দ্রও থাকবে।হুল দিবসকে কেন্দ্র করে জঙ্গলমহলে মুখ্যমন্ত্রীর এই সফর এবং সিধো-কানহোর মূর্তি স্থাপনকে ঘিরে ইতিমধ্যেই উৎসাহ তৈরি হয়েছে স্থানীয় মানুষের মধ্যে।