নিরাপত্তায় কড়াকড়ি, বুলেটপ্রুফ গাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী!
নিজস্ব সংবাদদাতা : বর্ধমান থেকে গ্রেফতার হওয়া সন্দেহভাজন জইশ-ই-মহম্মদ (JeM)-যোগ সন্দেহভাজন হামিম মণ্ডলকে জেরা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তদন্তে উঠে এসেছে, পাকিস্তানভিত্তিক হ্যান্ডলাররা মুখ্যমন্ত্রীর গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করছিল বলে তদন্তকারী সংস্থার দাবি। এরপরই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। রবিবার পূর্ব মেদিনীপুরের কাঁথির বাড়ি থেকে কলকাতার উদ্দেশে প্রথমবারের মতো বুলেটপ্রুফ গাড়িতে রওনা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসনিক সূত্রের দাবি, সাম্প্রতিক নিরাপত্তা মূল্যায়নের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তদন্তকারী সংস্থার সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া হামিম মণ্ডলকে জিজ্ঞাসাবাদের সময় এমন কিছু তথ্য সামনে এসেছে, যেখানে মুখ্যমন্ত্রীর গতিবিধি, বিশেষ করে নিরাপত্তাহীন বা 'আনগার্ডেড মুভমেন্ট' সম্পর্কে তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছিল বলে অভিযোগ। তদন্তকারীদের দাবি, এই তথ্য পাকিস্তানে থাকা হ্যান্ডলারদের কাছে পাঠানোর পরিকল্পনা ছিল। যদিও এই অভিযোগের তদন্ত এখনও চলছে।প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় ইতিমধ্যেই রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরাও মোতায়েন রয়েছেন। তবে এতদিন তিনি যে গাড়িতে যাতায়াত করতেন, সেটি বুলেটপ্রুফ ছিল না। সাম্প্রতিক ঘটনাপ্রবাহের পর তাঁর সফরের নিরাপত্তা আরও জোরদার করতে বুলেটপ্রুফ গাড়ির ব্যবস্থা করা হয়েছে।এদিকে, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে। শনিবার রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং বলেন, মুখ্যমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে তাঁর বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করা উচিত এবং প্রয়োজনে জ্যামার-সহ উন্নত নিরাপত্তা ব্যবস্থা থাকা দরকার। একই সুর শোনা যায় পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পালের বক্তব্যেও। তিনিও মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে বুলেটপ্রুফ গাড়িতে যাতায়াতের পক্ষে মত দেন।