ব্যাঙ্কশাল কোর্টের অনুমতি মিলতেই তৎপর সিআইডি, নজরে তিন তৃণমূল বিধায়ক

নিজস্ব সংবাদদাতা : কলকাতা: তৃণমূল বিধায়কদের সই-কাণ্ডে তদন্তে নতুন মোড়। তৃণমূল বিধায়ক বাহারুল ইসলাম, শুভাশিস দাস ও অরূপ রায়ের হাতের লেখার নমুনা সংগ্রহের জন্য ব্যাঙ্কশাল আদালতে আবেদন জানিয়েছিল সিআইডি। সেই আবেদন মঞ্জুর করেছে আদালত।সূত্রের খবর, এই মামলার তদন্তে পাঁচ সদস্যের বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে সিআইডি। নেতৃত্বে রয়েছেন ডিআইজি পদমর্যাদার এক আধিকারিক। বিধানসভায় জমা পড়া একটি চিঠিতে বিধায়কদের সই নিয়ে অসঙ্গতির অভিযোগ ওঠার পর হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়। সেই তদন্তেই নেমেছে সিআইডি।ইতিমধ্যে একাধিক বিধায়ক ও নেতার সঙ্গে কথা বলেছেন তদন্তকারীরা। বিশেষ করে বাহারুল ইসলামের সই ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, ১৯ মে স্বাক্ষর করানো হলেও নথিতে ৬ মে তারিখ উল্লেখ রয়েছে। যদিও বাহারুল দাবি করেছেন, ৬ মে তিনি কোনও বৈঠকে উপস্থিত ছিলেন না এবং সেদিন ভাঙড়ে নিজের বাড়িতেই ছিলেন।সই-কাণ্ডের প্রকৃত সত্য উদঘাটনে এখন হাতের লেখার নমুনা ও অন্যান্য নথি খতিয়ে দেখছে সিআইডি। রাজনৈতিক মহলেও এই তদন্ত ঘিরে জোর চর্চা শুরু হয়েছে।