মহিলাকে বাঁচাতে গিয়ে লরির ধাক্কায় গুরুতর আহত সিভিক ভলেন্টিয়ার
নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুরের দাঁতনের মনোহরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ১৬ নম্বর জাতীয় সড়কে এক মহিলাকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হলেন কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার রঘুনাথ দাস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বেলদার দিক থেকে দ্রুতগতিতে আসা একটি লরি রাস্তা পার হওয়া এক মহিলাকে দেখে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেই সময় কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার রঘুনাথ দাস দ্রুত এগিয়ে গিয়ে মহিলাকে রক্ষা করার চেষ্টা করেন। মহিলা প্রাণে বাঁচলেও লরির ধাক্কায় গুরুতর আহত হন রঘুনাথ দাস। পরে লরিটি রাস্তার পাশের ব্যারিয়ারে ধাক্কা মেরে গার্ডরেলের পাশে রাখা একটি সাইকেলও ক্ষতিগ্রস্ত করে। সহকর্মীরা আহত রঘুনাথ দাসকে উদ্ধার করে দাঁতন গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। তাঁর বাড়ি দাঁতনের তালদা-১ গ্রাম পঞ্চায়েতের বৈঁচা গ্রামে। ঘটনার পর দাঁতন থানার পুলিশ লরিটি আটক করে তদন্ত শুরু করেছে। নিজের জীবনের ঝুঁকি নিয়ে এক মহিলাকে রক্ষা করার চেষ্টা করায় সিভিক ভলেন্টিয়ার রঘুনাথ দাসের সাহসিকতা ও কর্তব্যনিষ্ঠার ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা।