‘স্বচ্ছ মেদিনীপুর অভিযান’-এর সূচনা, ঘরে ঘরে পৌঁছবে বর্জ্য পৃথকীকরণের বার্তা!

স্লোগান:“নির্মল মেদিনীপুর, স্বচ্ছ ভারত – সুস্থ ভারত।”
নিজস্ব সংবাদদাতা : পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব মেদিনীপুর গড়ে তোলার লক্ষ্য নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার, ১৪ জুন আনুষ্ঠানিকভাবে শুরু হল ‘স্বচ্ছ মেদিনীপুর অভিযান’

ঘরে ঘরে বর্জ্য পৃথকীকরণ ও বৈজ্ঞানিক বর্জ্য ব্যবস্থাপনাকে (Solid Waste Management) আরও কার্যকর করে তুলতেই এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অভিযানের অংশ হিসেবে মেদিনীপুর পৌরসভার ‘নির্মল বন্ধু’ ও ‘নির্মল সাথী’রা বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের সচেতন করবেন। পাশাপাশি পৃথকীকৃত শুকনো ও ভেজা বর্জ্য সংগ্রহের কাজও চালানো হবে, যাতে শহরে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা যায়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজন কৃষ্ণ (IAS), মেদিনীপুর বিধানসভার বিধায়ক শঙ্কর গুছাইত, অতিরিক্ত জেলা শাসক হিমাদ্রি সরকার ও সুকান্ত সাহা, সদর মহকুমা শাসক চিরদীপ সেন, মৃদুল শ্রীমানী, সৌমেন খান, মেদিনীপুর পৌরসভার কাউন্সিলরবৃন্দ, জেলার বিভিন্ন প্রশাসনিক আধিকারিক এবং পৌরসভার কর্মীরা।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই জনসচেতনতামূলক অভিযান আগামী দিনেও ধারাবাহিকভাবে চলবে। নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও স্বাস্থ্যকর মেদিনীপুর গড়ে তোলাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

জেলা প্রশাসন ও মেদিনীপুর পৌরসভার যৌথ উদ্যোগে শুরু হওয়া এই অভিযানে শহরের প্রতিটি বাসিন্দাকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। কারণ নির্মল ও স্বচ্ছ মেদিনীপুর গড়ে তোলার দায়িত্ব শুধু প্রশাসনের নয়, সমগ্র নাগরিক সমাজের।