ভোটের আগে মেদিনীপুরে মমতার ৪ কিমি পদযাত্রা, ফুলবৃষ্টি-শঙ্খধ্বনিতে উচ্ছ্বাসে ভাসল শহর!

সেখ ওয়ারেশ আলী : আগামী ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফাকে সামনে রেখে মেদিনীপুরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। সেই আবহেই শুক্রবার বিকেল সাড়ে চারটা নাগাদ নির্বাচনী প্রচারে অংশ নিতে মেদিনীপুরে পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

হেলিকপ্টারে করে তিনি মেদিনীপুর কলেজ মাঠে নামেন, আর সেখান থেকেই শুরু হয় তাঁর প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ পদযাত্রা।কলেজ মাঠ থেকে শুরু হয়ে এই পদযাত্রা বটতলার চক, স্কুল বাজার, জগন্নাথ মন্দির হয়ে নতুন বাজার পর্যন্ত এগিয়ে যায়। গোটা রুটজুড়ে সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে অসংখ্য মানুষ শঙ্খধ্বনি, করতালি এবং ফুলের বৃষ্টি দিয়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান। শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই পদযাত্রা দেখতে ভিড় জমায়, ফলে গোটা এলাকা কার্যত জনসমুদ্রে পরিণত হয়।

মুখ্যমন্ত্রীর সঙ্গে এই পদযাত্রায় পা মেলান মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজয় হাজরা, মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া, দীনেন রায়,পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, শালবনি পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ,সন্দীপ সিংহ-সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। তাঁদের উপস্থিতিতে দলীয় কর্মী-সমর্থকদের উৎসাহ আরও বাড়তে দেখা যায়।পদযাত্রা শেষে দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বাংলার এই লড়াই জিততে হলে সকলকে একজোট হয়ে কাজ করতে হবে।

বিশেষ করে মেদিনীপুর থেকে ভালো ফল করতে ঐক্যবদ্ধভাবে লড়াই করার আহ্বান জানান তিনি। তাঁর বক্তব্যে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং বুথস্তরে সক্রিয় থাকার বার্তাও স্পষ্ট ছিল।

অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী সড়কপথে খড়গপুরের একটি হোটেলের উদ্দেশে রওনা দেন। নির্বাচনের মুখে তাঁর এই পদযাত্রা মেদিনীপুরের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করল বলেই মনে করছে রাজনৈতিক মহল।