খড়্গপুরের এমএলএ বাংলোয় বর্ণাঢ্য জন্মাষ্টমী উৎসব, ভোগে সামিল কয়েকশো মানুষ!
অরিন্দম চক্রবর্তী : শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে খড়্গপুরের এমএলএ বাংলোয় আয়োজন করা হল এক বর্ণাঢ্য জন্মাষ্টমী উৎসব। ধর্মীয় আবহের পাশাপাশি নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে এদিন মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।বিকেল ৪টা নাগাদ মিষ্টান্ন ও হাড়িভাঙা প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এরপর আয়োজিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী দিলীপ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিনী রিঙ্কু ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার বুশারা বানো, টাউন থানার আইসি অমিত মিত্র, মহিলা থানার আইসি প্রতিভা হালদার,অভিষেক যাদব-সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা।
অনুষ্ঠানের শেষপর্বে কয়েকশো মানুষের মধ্যে ভোগ বিতরণ করা হয়। জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এই উৎসবে স্থানীয় মানুষের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক মনোজ দে। ধর্মীয় আচার, প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা এবং ভোগ বিতরণের মধ্য দিয়ে উৎসবটি সম্পন্ন হয়।