বিশ্ব সাইকেল দিবসে মেদিনীপুরে বর্ণাঢ্য র‍্যালি, দূষণমুক্ত শহরের বার্তা!

নিজস্ব সংবাদদাতা : বিশ্বজুড়ে পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থার প্রসার এবং সাইকেলের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে পালিত হয় বিশ্ব সাইকেল দিবস। সেই উপলক্ষে রবিবার সকালে মেদিনীপুর পৌরসভা ও মেদিনীপুর সাইক্লার্স ক্লাবের যৌথ উদ্যোগে পালিত হল বিশেষ বিশ্ব সাইকেল দিবস।অনুষ্ঠানে কিশোর থেকে প্রবীণ—সব বয়সের মানুষ উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা,মেদিনীপুরের বিধায়ক শঙ্কর গুচ্ছাইত,এসডিও,সৌম্য শংকর সারঙ্গী সি.এম.ও.এইচ,মৃদুল শ্রীমণি,সৌমেন খান —সহ জেলা আধিকারিকবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সর্বস্তরের সহকর্মীবৃন্দ।

সাইকেল নিয়ে শহর পরিক্রমার মাধ্যমে তাঁরা পরিবেশ রক্ষা ও দূষণমুক্ত মেদিনীপুর গড়ার বার্তা তুলে ধরেন।এই উপলক্ষে উপস্থিত ছিলেন উপশাসক ও উপসমাহর্তা। তিনি বক্তব্য রাখতে গিয়ে বর্তমান বিশ্ব পরিস্থিতি, যুদ্ধজনিত সংকট এবং খনিজ তেলের ওপর নির্ভরশীল অর্থনীতির নানা চ্যালেঞ্জের কথা উল্লেখ করেন।

একই সঙ্গে পরিবেশবান্ধব ও সাশ্রয়ী যান হিসেবে সাইকেলকে দৈনন্দিন জীবনের সঙ্গী করার আহ্বান জানান।পরে তিনি সবুজ পতাকা নেড়ে সাইকেল র‍্যালির সূচনা করেন। র‍্যালিতে অংশগ্রহণকারীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দেন।আয়োজকদের মতে, সুস্থ জীবনযাপন, পরিবেশ সংরক্ষণ এবং জ্বালানি সাশ্রয়ের ক্ষেত্রে সাইকেলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আগামী দিনেও এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।