গ্রামবাংলায় স্বাস্থ্য ও প্রতিভার মেলবন্ধন, বাজুয়াড়ায় উদ্দীপন সোসাইটির উদ্যোগ

নিজস্ব সংবাদদাতা: গ্রামীণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে এক অনন্য উদ্যোগ নিল উদ্দীপন সোসাইটি। সংগঠনের উদ্যোগে কেশপুর ব্লকের বাজুয়াড়া ফুটবল ময়দানে দু’দিনব্যাপী মেগা স্বাস্থ্য ও সাংস্কৃতিক শিবিরের আয়োজন করা হয়। স্বাস্থ্য পরিষেবা, রক্তদান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়া প্রতিযোগিতায় জমজমাট হয়ে ওঠে গোটা এলাকা।অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কেশপুরের বিডিও। শিবিরে এলাকার বহু মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন। পাশাপাশি ছাত্রছাত্রীদের জন্য আয়োজন করা হয় একাধিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার।শিবিরে মোট ৪৬ জন স্বেচ্ছায় রক্তদান করেন। এছাড়াও ৬৯ জনের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়। মেদিনীপুর মেডিকেল কলেজের চিকিৎসক ডা. বিশ্বজিৎ পাণ্ডে সার্জারি সংক্রান্ত রোগীদের পরীক্ষা করেন। অস্থি বিশেষজ্ঞ ডা. এস. কে. আজহারুল হক ২০ জনেরও বেশি রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি ছোটদের উৎসাহ দিতে আয়োজন করা হয় ১০০ মিটার দৌড়, আলু দৌড়, বল পাসিং, অঙ্কন, কুইজ এবং ‘যেমন খুশি সাজো’ প্রতিযোগিতার। প্রতিটি প্রতিযোগিতাতেই শিশু-কিশোরদের উৎসাহ ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।এই উদ্যোগকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উদ্দীপন সোসাইটির সম্পাদক সেখ মহম্মদ সাহিদুল্লাহসেখ আশাবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজকর্মী বাবলু আক্তার, শিক্ষক দীপক রায়, এবি হিউম্যান কেয়ার সোসাইটির সভাপতি ডা. কামরুদ্দিন, টার্গেট ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক সেখ মহম্মদ ইমরান-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রের পাশাপাশি শিশুদের সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়ায় উদ্দীপন সোসাইটির এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে। গ্রামীণ এলাকায় বিনামূল্যে চিকিৎসা ও সমাজকল্যাণমূলক পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই ধরনের উদ্যোগ আগামী দিনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন উদ্যোক্তারা।