দীর্ঘ প্রতীক্ষার অবসান: হুমগড়ের পাথরবেড়িয়াতে শিলাবতীর উপর কংক্রিট চাতাল উদ্বোধন!

অভিজিৎ সাহা : দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ২ নম্বর ব্লকের হুমগড় অঞ্চলের পাথরবেড়িয়াতে শিলাবতী নদীর উপর নির্মিত হল নতুন কংক্রিটের চাতাল। বুধবার আনুষ্ঠানিকভাবে এই চাতালের উদ্বোধন করেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক উত্তরা সিংহ হাজরা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি দীনবন্ধু দে, ব্লক প্রশাসনের অন্যান্য আধিকারিক এবং এলাকার বিশিষ্ট সমাজসেবীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই চাতাল নির্মাণের ফলে ১০ নম্বর জোগাড়ডাঙ্গা ও ৯ নম্বর পিয়াশালা অঞ্চলের বহু মানুষ যাতায়াতের ক্ষেত্রে উপকৃত হবেন। দীর্ঘদিন ধরে বর্ষাকালে নদীর জল বেড়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থায় সমস্যা দেখা দিত। নতুন এই পরিকাঠামো সেই সমস্যার অনেকটাই সমাধান করবে বলে আশাবাদী প্রশাসন। তবে স্থানীয় বাসিন্দাদের একাংশের মত, বর্ষাকালে শিলাবতী নদীর জলস্তর বৃদ্ধি পেলে চাতালটি পুনরায় ডুবে যাওয়ার আশঙ্কা থেকে যায়। সেক্ষেত্রে যাতায়াতে ফের বিঘ্ন ঘটতে পারে বলেও তাঁদের অভিমত। এ প্রসঙ্গে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ জানান, “এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। ভবিষ্যতে যাতে স্থায়ী সমাধান হয়, সেই দিকেও নজর রাখা হবে।” অন্যদিকে এলাকার বিশিষ্ট সমাজসেবী বরেন্দ্রনাথ মন্ডল বলেন, “এই উদ্যোগ নিঃসন্দেহে স্বাগতযোগ্য। তবে বর্ষাকালের বিষয়টি মাথায় রেখে আরও উন্নত পরিকাঠামোর পরিকল্পনা করা প্রয়োজন।”