জনস্বার্থবিরোধী স্মার্ট মিটারের বিরুদ্ধে সরব গ্রাহকরা, ২৩ জুলাই পাঁশকুড়ায় মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা : জনস্বার্থবিরোধী স্মার্ট মিটার চালুর প্রতিবাদে আগামী ২৩ জুলাই সারা বাংলা মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছে অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন (অ্যাবেকা)। সেই কর্মসূচিকে সফল করতে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল। প্রতাপপুর কাস্টমার কেয়ার সেন্টারের অন্তর্গত ধুলিয়াপুর এলাকার বিদ্যুৎ গ্রাহকদের নিয়ে ধুলিয়াপুর প্রাথমিক বিদ্যালয়ে এই সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন অ্যাবেকার পূর্ব মেদিনীপুর জেলা নেতৃত্ব নারায়ণ চন্দ্র নায়ক। সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের পাঁশকুড়া জোনাল কমিটির সহ-সভাপতি সুধীর চন্দ্র দাস।সভায় সিদ্ধান্ত হয়, আগামী ২৩ জুলাই সকাল ১০টা থেকে পাঁশকুড়া স্টেশন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ৩০ মিনিটের মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। স্মার্ট মিটারের বিরুদ্ধে গ্রাহকদের মধ্যে জনসচেতনতা তৈরি এবং বৃহত্তর আন্দোলন গড়ে তোলার লক্ষ্যেই এই কর্মসূচি বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।এদিনের সভা থেকে সুধীর চন্দ্র দাসকে সভাপতি এবং অমিতাভ কান্ডার ও গুরুপদ ভূঁইয়াকে যুগ্ম সম্পাদক করে মোট ৫০ সদস্যের ‘স্মার্ট মিটার প্রতিরোধ কমিটি’ গঠন করা হয়। সংগঠনের পক্ষ থেকে আগামী দিনের আন্দোলনে আরও বেশি বিদ্যুৎ গ্রাহককে যুক্ত করার আহ্বান জানানো হয়েছে।