মেদিনীপুর কলেজ মাঠে হেলিপ্যাডের বাঁশ ঘিরে বিতর্ক, ক্ষোভে মাঠে বিক্ষোভে বিজেপি প্রার্থী শংকর গুছাইত!

সেখ ওয়ারেশ আলী : বৃহস্পতিবার বিকেলে Mamata Banerjee-র রোড শোকে ঘিরে Medinipur কলেজ মাঠে তৈরি করা হয়েছিল অস্থায়ী হেলিপ্যাড। তবে ৪৮ ঘণ্টা কেটে যাওয়ার পরও সেই হেলিপ্যাডের বাঁশ ও অন্যান্য কাঠামো সরানো হয়নি বলে অভিযোগ উঠেছে। মাঠজুড়ে এখনও ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে নির্মাণসামগ্রী, যার জেরে খেলাধুলা ও সাধারণ ব্যবহার ব্যাহত হচ্ছে।স্থানীয়দের অভিযোগ, ছোটদের প্র্যাকটিস থেকে প্রবীণদের সকালের হাঁটা—সবই কার্যত সমস্যার মুখে পড়েছে। মাঠের একাংশে এখনও বাঁশ, দড়ি ও অস্থায়ী কাঠামোর সরঞ্জাম পড়ে থাকায় স্বাভাবিক পরিবেশ ফেরেনি।

রবিবার সকালে জনসংযোগে এসে এই ইস্যুতে সরব হন বিজেপি প্রার্থী Shankar Guchhait। তিনি মাঠে বসেই প্রতীকী বিক্ষোভ দেখান এবং প্রশ্ন তোলেন, “এত সময় পেরিয়ে গেলেও কেন এখনও মাঠ পরিষ্কার করা হল না?”শুধু অভিযোগেই থেমে থাকেননি তিনি। মাঠে খেলতে আসা যুবকদের সঙ্গে নিয়ে নিজেই পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে হাত লাগান। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে।বিজেপি প্রার্থী স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, আগামী ১২ ঘণ্টার মধ্যে মাঠ আগের অবস্থায় ফিরিয়ে না দেওয়া হলে জেলা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসবেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে ভোটের আবহে মেদিনীপুরের রাজনীতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।