আন্তর্জাতিক উত্তেজনার ছায়া গৃহস্থালিতে! আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, চাপে সাধারণ মানুষ
অভিজিৎ সাহা : আন্তর্জাতিক পরিস্থিতির অস্থিরতার প্রভাব এবার সরাসরি পড়ল দেশের সাধারণ মানুষের পকেটে। এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম। মাত্র পাঁচ দিনের ব্যবধানে ফের দাম বৃদ্ধির খবরে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। গৃহস্থালির ব্যবহারের এলপিজি সিলিন্ডারের পাশাপাশি বেড়েছে বাণিজ্যিক গ্যাসের দামও। তথ্য অনুযায়ী, গৃহস্থালির ব্যবহৃত ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ৬০ টাকা। আগে যেখানে একটি সিলিন্ডারের দাম ছিল ৮৭৯ টাকা, এখন সেই দাম বেড়ে দাঁড়িয়েছে ৯৩৯ টাকায়। ফলে মাসের বাজেটে নতুন করে চাপ বাড়ল মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের উপর।
অন্যদিকে বাণিজ্যিক ব্যবহারের ১৯ কেজির গ্যাস সিলিন্ডারের দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জানা গিয়েছে, এই সিলিন্ডারের দাম বেড়েছে ১১৪ টাকা ৫০ পয়সা। আগে যেখানে একটি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ১,৮৭৫ টাকা ৫০ পয়সা, তা এখন বেড়ে হয়েছে ১,৯৯০ টাকা। উল্লেখ্য, গত ১ মার্চও বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৩১ টাকা বাড়ানো হয়েছিল। যদিও সে সময় গৃহস্থালির গ্যাসের দামে কোনও পরিবর্তন করা হয়নি।এদিকে পেট্রোলিয়াম মন্ত্রকের নির্দেশ অনুযায়ী পুরনো নিয়ম আবার চালু করা হয়েছে। নতুন নিয়মে একজন গ্রাহক ২১ দিনে মাত্র একটি গৃহস্থালি গ্যাস সিলিন্ডার কিনতে পারবেন। ফলে প্রয়োজনের তুলনায় সরবরাহ সীমিত হয়ে যাওয়ার আশঙ্কাও করছেন অনেকেই।
বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান অস্থিরতার জেরেই আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে অস্থিরতা তৈরি হয়েছে। বিশেষ করে ইরান, আমেরিকা ও ইজ়রায়েলের মধ্যে সংঘাত এবং হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহণে বাধা সৃষ্টি হওয়ায় তেলের আন্তর্জাতিক বাজারে প্রভাব পড়েছে। সেই প্রভাবই ধীরে ধীরে এসে পড়ছে ভারতের বাজারেও। তবে পরিস্থিতি সামাল দিতে সরকারের তরফে আশ্বাস দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের দাবি, দেশের প্রয়োজন মেটানোর মতো পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে। পাশাপাশি রাশিয়া প্রয়োজনীয় জ্বালানি সরবরাহে সাহায্য করবে বলেও জানিয়েছে। এছাড়াও শর্তসাপেক্ষে এক মাসের জন্য রাশিয়া থেকে তেল আমদানির অনুমতি দিয়েছে আমেরিকাও বলে জানা গিয়েছে। সব মিলিয়ে আন্তর্জাতিক পরিস্থিতির টানাপোড়েন এখন সরাসরি প্রভাব ফেলছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। আর তারই সবচেয়ে বড় উদাহরণ রান্নার গ্যাসের এই লাগাতার মূল্যবৃদ্ধি। পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, এখন সেদিকেই নজর দেশের কোটি কোটি গ্রাহকের।