স্কুল ইউনিফর্ম নিয়েই দুর্নীতি? তৃণমূল সরকারকে ঘিরে নতুন বিতর্ক
নিজস্ব সংবাদদাতা : রাজ্যের সরকারি স্কুলের ইউনিফর্মে নিম্নমানের কাপড় ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হল। সোমবার নবান্নে প্রশাসনিক বৈঠকে এই ইস্যুতে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বস্ত্র ও অর্থ দপ্তরের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।সূত্রের খবর, সরকারি ও সরকারপোষিত স্কুলে পড়ুয়াদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের মান নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল। কোথাও নিম্নমানের কাপড়, কোথাও আবার ভুল মাপের পোশাক পৌঁছনোর অভিযোগ সামনে আসে। অনেক স্কুলে সময়মতো ইউনিফর্ম না পৌঁছনোর ঘটনাও ঘটেছে বলে জানা গিয়েছে।বৈঠকে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, নির্ধারিত গুণমান যাচাই ছাড়াই কীভাবে ইউনিফর্ম সরবরাহ করা হল এবং কীভাবে সেই বাবদ অর্থ মিটিয়ে দেওয়া হয়েছে। পুরো ঘটনার বিস্তারিত রিপোর্ট তলব করেছেন তিনি। পাশাপাশি দুর্নীতিতে যুক্তদের চিহ্নিত করে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে প্রশাসনকে।প্রসঙ্গত, তৃণমূল সরকারের আমলে স্বনির্ভর গোষ্ঠীগুলির মাধ্যমে সরকারি স্কুলে ইউনিফর্ম তৈরির ও বিতরণের ব্যবস্থা চালু হয়েছিল। এবার সেই প্রকল্প নিয়েই উঠল দুর্নীতির গুরুতর অভিযোগ।