ধোনি-ব্রেভিসের চোটে বিপর্যস্ত চেন্নাই, গুয়াহাটিতে রাজস্থানের বিরুদ্ধে কঠিন পরীক্ষায় CSK
নিজস্ব সংবাদদাতা : আইপিএল ২০২৬-এর শুরুতেই চাপে Chennai Super Kings। দলের প্রথম ম্যাচের আগেই একের পর এক চোট সমস্যায় জর্জরিত তারা। ৩০ মার্চ গুয়াহাটির Barsapara Cricket Stadium-এ Rajasthan Royals-এর বিরুদ্ধে মাঠে নামবে চেন্নাই, কিন্তু সেই ম্যাচে থাকছেন না কিংবদন্তি MS Dhoni।
দলীয় সূত্রে জানা গিয়েছে, ধোনি আপাতত চোটের কারণে বিশ্রামে রয়েছেন। তাঁকে তাড়াহুড়ো করে ফেরানোর কোনও ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। আইপিএল ইতিহাসে সর্বাধিক ম্যাচ খেলা ক্রিকেটার এবং চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক ধোনি অন্তত প্রথম দু’সপ্তাহ মাঠের বাইরে থাকবেন। শুধু ধোনিই নন, চেন্নাইয়ের আরও এক গুরুত্বপূর্ণ ক্রিকেটার Dewald Brevis-ও চোটের কবলে পড়েছেন। ফলে মরসুমের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন দলটি। ধোনির অনুপস্থিতিতে দলের দায়িত্ব সামলাবেন নতুন মুখ Sanju Samson। গত মরসুমে রাজস্থানের অধিনায়ক থাকা স্যামসন এবার চেন্নাইয়ের হয়ে উইকেটকিপার-ব্যাটার হিসেবে খেলবেন। উল্লেখযোগ্যভাবে, আইপিএল ২০২৬-এর নিলামে বড়সড় বদল ঘটিয়ে রাজস্থানের সঙ্গে ট্রেডের মাধ্যমে স্যামসনকে দলে নেয় চেন্নাই, যেখানে বিনিময়ে দেওয়া হয় Ravindra Jadeja এবং Sam Curran-কে। গত মরসুমে প্রথমবারের মতো পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে শেষ করেছিল চেন্নাই সুপার কিংস। সেই ব্যর্থতা কাটিয়ে নতুন উদ্যমে মরসুম শুরু করতে চাইলেও চোট সমস্যায় শুরুতেই কিছুটা ব্যাকফুটে তারা। অন্যদিকে, উদ্বোধনী আইপিএল চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস নিজেদের ঘরের মাঠে শক্তিশালী সূচনা করতে মরিয়া। সব মিলিয়ে তারকা সমৃদ্ধ এই ম্যাচে ধোনির অনুপস্থিতি নিঃসন্দেহে বড় ফ্যাক্টর হতে চলেছে।