সপ্তাহের শুরুতেই রেল বিভ্রাটে নাকাল নিত্যযাত্রী, গোবরডাঙায় পয়েন্ট বিকল
নিজস্ব সংবাদদাতা : সপ্তাহের প্রথম দিনেই ভোগান্তির শিকার হলেন বনগাঁ-শিয়ালদহ শাখার হাজার হাজার নিত্যযাত্রী। সোমবার সকালে গোবরডাঙা স্টেশনে পয়েন্ট বিকল হয়ে যাওয়ায় আপ ও ডাউন—উভয় লাইনে ট্রেন চলাচল কার্যত থমকে যায়। দীর্ঘক্ষণ ধরে ট্রেন পরিষেবা ব্যাহত থাকায় অফিসগামী মানুষ চরম সমস্যার মুখে পড়েন। রেল সূত্রে জানা গিয়েছে, গোবরডাঙা স্টেশনের পয়েন্টে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। এর জেরে বনগাঁ থেকে শিয়ালদহগামী একাধিক লোকাল ট্রেন ঠাকুরনগর, চাঁদপাড়া সহ বিভিন্ন স্টেশনে আটকে পড়ে। একইভাবে শিয়ালদহ থেকে বনগাঁগামী ট্রেনগুলিও মাঝপথে দাঁড়িয়ে যায় বা বিলম্বে ছাড়ে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েন সকাল ৮টা ৩২-এর বনগাঁ লোকালের যাত্রীরা। নির্ধারিত সময় অনুযায়ী এই ট্রেনটির সাড়ে ১০টার মধ্যে শিয়ালদহে পৌঁছনোর কথা থাকলেও, সেই সময়েও ট্রেনটি ঠাকুরনগর স্টেশনেই দাঁড়িয়ে ছিল। অর্থাৎ প্রায় দেড় ঘণ্টারও বেশি দেরি হয়। পরিস্থিতির চাপে অনেক যাত্রী ট্রেন থেকে নেমে বিকল্প পথে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করেন। কেউ বাস ধরেন, কেউ বা অন্য যানবাহনের খোঁজে বেরিয়ে পড়েন। তবে অধিকাংশ যাত্রীই অনিশ্চয়তার মধ্যে স্টেশনেই অপেক্ষা করতে বাধ্য হন। রেল পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্যার কথা জানা মাত্রই রেলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মেরামতির কাজ শুরু করেছেন। যত দ্রুত সম্ভব পয়েন্ট ঠিক করে ট্রেন পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন চলাচল ধীর গতিতেই ছিল। সপ্তাহের শুরুতেই এই আকস্মিক রেল বিভ্রাটে চরম দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা। চাঁদপাড়া স্টেশনে আটকে থাকা এক যাত্রী প্রসেনজিত বিশ্বাস জানান, "৯টা ৫-এর বনগাঁ লোকাল। এখন চাঁদপাড়ায় দাঁড়িয়ে। শুনছি গোবরডাঙায় আগের গাড়িগুলি পরপর দাঁড়িয়ে রয়েছে। কখন ছাড়বে বুঝতে পারছি না। আপ-ডাউন কোনও ট্রেনই চলছে না। এই মুহূর্তে কী করব কিছুই বুঝতে পারছি না। আজ ইয়ার এন্ডিংয়ের শেষ দিন। অফিস তো যেতেই হবে। যখন ট্রেন ছাড়বে তখনই যাব।"