খড়্গপুরে বসন্তের রঙে নৃত্যের আসর, ‘আহা আজি বসন্তে’ অনুষ্ঠানে মাতল শহর!

নিজস্ব সংবাদদাতা :  বসন্তের আগমনী বার্তা আর নাচ-গানের সুরে মুখর হয়ে উঠল খড়্গপুর শহর। শহরের আরাধনা নৃত্য গোষ্ঠীর উদ্যোগে অনুষ্ঠিত হল বসন্ত উৎসবের বিশেষ অনুষ্ঠান “আহা আজি বসন্তে ২০২৬”। পুরাতন বাজার শিব-শীতলা দুর্গা মন্দির প্রেক্ষাগৃহে আয়োজিত এই সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে তৈরি হয় উৎসবের আবহ।

সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে সংস্থার শিক্ষার্থীরা বসন্ত ঋতুকে ঘিরে নানা জনপ্রিয় গানের তালে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন। ছোট থেকে বড়—সব বয়সের ছাত্রছাত্রীরাই এই অনুষ্ঠানে অংশ নেয়। এমনকি আনন্দঘন পরিবেশে নৃত্যে সামিল হন কিছু অভিভাবকরাও, যা অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করে।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী দীপক কুমার দাশগুপ্ত, তবলা ও সংগীত প্রশিক্ষক প্রহ্লাদ ব্যানার্জি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধন সাধুখা ও প্রণতি সাধুখা।সমগ্র অনুষ্ঠানের আয়োজন ও পরিচালনার দায়িত্বে ছিলেন সুকন্যা সাধুখা গুহ এবং রক্তিম গুহ। বসন্তের রঙে রাঙানো এই সাংস্কৃতিক সন্ধ্যা উপস্থিত দর্শকদের মনে আনন্দের আবেশ ছড়িয়ে দেয় এবং খড়্গপুরের সাংস্কৃতিক চর্চায় নতুন উচ্ছ্বাস যোগ করে।