মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে শুরু হলো ডিসি বইমেলা ২০২৬, উদ্বোধন করলেন তসলিমা নাসরিন!

নিজস্ব প্রতিনিধি: মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বেথেসডা সিটিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো ডিসি বইমেলা ২০২৬। বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির অন্যতম এই আন্তর্জাতিক মিলনমেলার আয়োজন করেছে বাংলা কেন্দ্র। বিশিষ্ট সাহিত্যিক তসলিমা নাসরিন আনুষ্ঠানিকভাবে এই বইমেলার উদ্বোধন করেন।

দুই বাংলার সাহিত্য-সংস্কৃতির ঐতিহ্যকে প্রবাসে আরও সমৃদ্ধ করার লক্ষ্যেই প্রতি বছরের মতো এবারও এই বইমেলার আয়োজন করা হয়েছে। আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আগত বাংলা ভাষার লেখক, কবি, শিল্পী, সাহিত্যপ্রেমী, প্রকাশক এবং সংস্কৃতিকর্মীদের উপস্থিতিতে বইমেলা প্রাঙ্গণ হয়ে উঠেছে প্রাণবন্ত।

বই প্রকাশ, সাহিত্য আলোচনা, কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং লেখক-পাঠকদের সরাসরি মতবিনিময়সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে চলবে এবারের ডিসি বইমেলা। আয়োজকদের আশা, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যেও বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তুলবে এই উৎসব।প্রবাসী বাঙালিদের মিলনমেলা হিসেবে পরিচিত ডিসি বইমেলা ইতিমধ্যেই উত্তর আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক আয়োজনে পরিণত হয়েছে।