চার জেলায় অক্ষয় পাত্রের মিড-ডে মিল বন্ধের সিদ্ধান্ত, আপাতত পুরনো ব্যবস্থাতেই পড়ুয়াদের খাবার

নিজস্ব সংবাদদাতা:পশ্চিমবঙ্গের চার জেলায় অক্ষয় পাত্র ফাউন্ডেশনের মাধ্যমে মিড-ডে মিল সরবরাহের পরিকল্পনায় আপাতত ইতি টানল রাজ্য স্কুল শিক্ষা দফতর। হাওড়া, পুরুলিয়া, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে অক্ষয় পাত্রকে মিড-ডে মিল সরবরাহের দেওয়া অনুমোদন প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ফলে এই চার জেলার স্কুলগুলিতে আপাতত আগের ব্যবস্থাতেই পড়ুয়াদের মধ্যাহ্নভোজ দেওয়া হবে।জানা গিয়েছে, রাজ্যে সরকার পরিবর্তনের পর স্কুলগুলিতে মিড-ডে মিল সরবরাহের ক্ষেত্রে নতুন ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল। প্রথম পর্যায়ে কলকাতার কয়েকটি স্কুলে খাবার সরবরাহের দায়িত্ব দেওয়া হয় ইসকনের সঙ্গে যুক্ত অন্নমৃতা ফাউন্ডেশনকে। কলকাতার মডেল সফল হলে পরবর্তী সময়ে অন্যান্য জেলাতেও এই ব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনা ছিল।সেই পরিকল্পনার অংশ হিসেবেই হাওড়া, পুরুলিয়া, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে মিড-ডে মিল সরবরাহের দায়িত্ব অক্ষয় পাত্র ফাউন্ডেশনকে দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্তু সেই পরিষেবা শুরু হওয়ার আগেই অনুমোদন প্রত্যাহার করে নিল স্কুল শিক্ষা দফতর।বিকাশ ভবন থেকে জারি করা নির্দেশে অক্ষয় পাত্র ফাউন্ডেশনকে দেওয়া অনুমোদন প্রত্যাহারের কথা জানানো হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট জেলার প্রশাসনিক আধিকারিকদেরও বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।অনুমোদন প্রত্যাহারের ফলে চার জেলার স্কুলগুলিতে মিড-ডে মিল পরিষেবায় আপাতত কোনও পরিবর্তন হচ্ছে না। আগের মতোই স্কুলের নিজস্ব ব্যবস্থাপনায় স্কুল চত্বরে খাবার রান্না করা হবে এবং নির্ধারিত সময়ে পড়ুয়াদের তা পরিবেশন করা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ব্যবস্থাই চালু থাকবে বলে জানা গিয়েছে।তবে অক্ষয় পাত্রের অনুমোদন প্রত্যাহারের নির্দিষ্ট কারণ স্কুল শিক্ষা দফতরের নির্দেশে উল্লেখ করা হয়নি। ফলে কেন পরিষেবা শুরু হওয়ার আগেই এই সিদ্ধান্ত নেওয়া হল, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।অন্যদিকে, কলকাতার ক্ষেত্রে পরিস্থিতি আপাতত অপরিবর্তিত। অন্নমৃতা ফাউন্ডেশনের মাধ্যমে কলকাতার কিছু স্কুলে মিড-ডে মিল সরবরাহের ব্যবস্থা চালু রয়েছে এবং সেই পরিষেবা অব্যাহত থাকবে।চার জেলায় অক্ষয় পাত্রের পরিকল্পনা স্থগিত হওয়ায় রাজ্যের মিড-ডে মিল ব্যবস্থাপনায় আগামী দিনে সরকার কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের।