রাজ্য সম্মেলন সফল করতে মেদিনীপুরে ডেকোরেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা!

সেখ ওয়ারেশ আলী : আগামী ৫ ও ৬ সেপ্টেম্বর শহীদ প্রদ্যুৎ স্মৃতি সদনে অনুষ্ঠিত হতে চলেছে ডেকোরেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্মেলন। এই সম্মেলনকে সফলভাবে আয়োজনের লক্ষ্যে সোমবার, ২৯ জুন, মেদিনীপুর শহরের একটি লজে অনুষ্ঠিত হলো প্রস্তুতি সভা। সভায় পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের পদাধিকারী, সদস্য এবং ডেকোরেটর শিল্পের সঙ্গে যুক্ত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আসন্ন রাজ্য সম্মেলনের সার্বিক প্রস্তুতি, দায়িত্ব বণ্টন, সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং ডেকোরেটর শিল্পের বর্তমান সমস্যা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ডেকোরেটর অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গের সভাপতি চন্দ্রশেখর সামন্ত, রাজ্যের কোষাধ্যক্ষ বিশ্বজিৎ প্রামাণিক, পশ্চিম মেদিনীপুর জেলার যুগ্ম সম্পাদক সুব্রত কুমার ঘোষ, জেলা উপদেষ্টা বিক্রম রায়, দুলাল চন্দ্র দে ও গুণধর মণ্ডল, জেলা কমিটির সদস্য মোহাম্মদ তারেক, মনোজ পালই-সহ সংগঠনের অন্যান্য পদাধিকারী ও সদস্যরা।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, রাজ্য সম্মেলনে ডেকোরেটর শিল্পের সঙ্গে যুক্ত কর্মীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরা হবে।

এর মধ্যে রয়েছে পেশাগত সুরক্ষা, সরকারি স্বীকৃতি, সামাজিক নিরাপত্তা, শ্রমিক কল্যাণ এবং শিল্পের সামগ্রিক উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের পরিকল্পনাও রয়েছে।আয়োজকদের আশা, আগামী সেপ্টেম্বরের রাজ্য সম্মেলন ডেকোরেটর শিল্পের উন্নয়ন, সংগঠনের শক্তি বৃদ্ধি এবং শিল্পের সঙ্গে যুক্ত হাজার হাজার কর্মীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।