স্থলভাগে আছড়ে পড়ছে গভীর নিম্নচাপ, মঙ্গলবারও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব সংবাদদাতা : বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার সন্ধ্যায় বালেশ্বর ও ক্যানিংয়ের মাঝামাঝি এলাকা দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে এই গভীর নিম্নচাপ। এর প্রভাবে মঙ্গলবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ গভীর নিম্নচাপটি সাগরদ্বীপের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। দিঘা থেকে তার দূরত্ব ছিল প্রায় ৬০ কিলোমিটার এবং ক্যানিং থেকে প্রায় ১০০ কিলোমিটার। শেষ ছয় ঘণ্টায় ঘণ্টায় প্রায় ৩ কিলোমিটার গতিবেগে উত্তর দিকে এগিয়ে আসছিল নিম্নচাপটি।এই নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কায় মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সাগরে দমকা হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।