দিল্লি থেকে বাংলার জন্য আশ্বাস, ‘কাউকে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে না’

নিজস্ব সংবাদদাতা : বাংলায় অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিল বিজেপি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পর এবার একই সুর শোনা গেল বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের গলায়। দিল্লিতে দাঁড়িয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, “বাংলায় কোনও ডিটেনশন ক্যাম্প হবে না।”শমীক ভট্টাচার্যের বক্তব্য, বিজেপি সরকার ‘ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট’ নীতিতে বিশ্বাস করে। তাঁর দাবি, যাঁরা অবৈধভাবে এদেশে প্রবেশ করেছেন বা পাকিস্তানপন্থী স্লোগান দিয়েছেন, তাঁদের ভারতের মাটিতে কোনও জায়গা নেই। তিনি বলেন, “অন্যদেশিদের কেন আমরা খাইয়ে-দাইয়ে পুষব?”প্রসঙ্গত, কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন যে, রাজ্যে ধরা পড়া অনুপ্রবেশকারী বাংলাদেশিদের সরাসরি বিএসএফের হাতে তুলে দেবে পুলিশ। এরপর সমস্ত প্রোটোকল মেনে বিএসএফ তাঁদের বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির হাতে হস্তান্তর করবে। সরকারের দাবি, এর ফলে দ্রুত অনুপ্রবেশকারীদের রাজ্য থেকে ফেরত পাঠানো সম্ভব হবে।অন্যদিকে, অতীতে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করেছিলেন, বাংলায় কোনও ডিটেনশন ক্যাম্প হতে দেওয়া হবে না এবং কাউকে বেনাগরিকও করা হবে না। তবে বর্তমান বিজেপি সরকারের অবস্থান একেবারেই ভিন্ন। গেরুয়া শিবিরের দাবি, ভোটার তালিকার বিশেষ সংশোধনের মাধ্যমে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হচ্ছে এবং তাঁদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।