CJP-র সংসদ অভিযান ঘিরে লাঠিচার্জ-কাঁদানে গ্যাস, মহিলা আন্দোলনকারীদের মারধরের অভিযোগ?

নিজস্ব সংবাদদাতা : ককরোচ জনতা পার্টি (CJP)-র সংসদ ভবন অভিযানকে কেন্দ্র করে পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহারের অভিযোগ উঠেছে। এমনকি মহিলা আন্দোলনকারীদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ। গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিল্লি হাই কোর্ট কেন্দ্রীয় সরকার ও দিল্লি পুলিশের কাছে রিপোর্ট তলব করেছে। পাশাপাশি, ঘটনার সমস্ত সিসিটিভি ফুটেজ, ভিডিয়ো এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সংরক্ষণের নির্দেশ দিয়েছে আদালত।

বুধবার দিল্লি হাই কোর্টে মামলার শুনানিতে আবেদনকারীদের আইনজীবীরা অভিযোগ করেন, আন্দোলনকারী মহিলাদের গোপনাঙ্গ লক্ষ্য করে আঘাত করা হয়েছে। অনেক পুলিশকর্মীর গায়ে কোনও পরিচয়পত্র বা ব্যাজ ছিল না বলেও দাবি করা হয়। এই অভিযোগের সমর্থনে প্রায় ১১০টি ভিডিয়ো রয়েছে বলে আদালতে জানান আবেদনকারীদের আইনজীবীরা।

অন্যদিকে, কেন্দ্র ও দিল্লি পুলিশের হয়ে সওয়াল করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল এস রাজু। তাঁর দাবি, বিক্ষোভকারীরা অত্যন্ত হিংসাত্মক হয়ে উঠেছিলেন এবং তাঁদের হামলায় বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হন। শুধু প্রচার পাওয়ার উদ্দেশ্যেই এই ধরনের মামলা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। পাল্টা দিল্লি হাই কোর্টের প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায় প্রশ্ন করেন, আবেদনটি শুধুমাত্র প্রচারের জন্য করা হয়েছে—এমন দাবির পক্ষে কী প্রমাণ রয়েছে?

শুনানিতে দু’পক্ষের আইনজীবীদের মধ্যে তীব্র বাদানুবাদ হয়। শেষ পর্যন্ত দিল্লি হাই কোর্ট নির্দেশ দিয়েছে, চার সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় সরকার ও দিল্লি পুলিশকে গোটা ঘটনার বিষয়ে রিপোর্ট জমা দিতে হবে। পরবর্তী শুনানি পর্যন্ত সমস্ত সিসিটিভি ফুটেজ, ভিডিয়ো এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সংরক্ষণ করতে হবে।

আদালত আরও জানায়, আন্দোলনকারীদের প্রত্যেকের হয়ে আলাদা করে এফআইআর দায়ের করা সম্ভব নয়। পাশাপাশি, আবেদনটিকে ‘প্রচার পাওয়ার চেষ্টা’ বলে দাবি করার বিষয়েও কেন্দ্রের আইনজীবীর সমালোচনা করেছে আদালত।উল্লেখ্য, এদিনই সুপ্রিম কোর্টে ককরোচ জনতা পার্টির বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ নিয়ে জরুরি ভিত্তিতে হস্তক্ষেপের আর্জি খারিজ হয়। প্রধান বিচারপতি সূর্য কান্ত জানান, আদালত কোনও ভিডিয়ো দেখতে আগ্রহী নয় এবং এই বিষয়ে সময় নষ্ট করতে চায় না। তবে দিল্লি হাই কোর্টের নির্দেশে স্পষ্ট হয়েছে, পরবর্তী শুনানির জন্য ঘটনার সমস্ত ভিডিয়ো ও প্রমাণ সংরক্ষণ করতেই হবে।