চন্দ্রকোনায় দেব-ঝড়, ১৬ এপ্রিল রামজীবনপুরে রোড শো, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড!

সুমন মণ্ডল : চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রে নির্বাচনী আবহে এবার বাড়তি উন্মাদনার কেন্দ্রবিন্দুতে অভিনেতা-সাংসদ Dev। আগামী ১৬ এপ্রিল রামজীবনপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী সূর্য্যকান্ত দোলই-এর সমর্থনে রোড শো করতে আসছেন ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ দেব। তাঁর আগমনকে ঘিরে ইতিমধ্যেই গোটা এলাকা জুড়ে শুরু হয়েছে জোর প্রস্তুতি, যা ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ। রামজীবনপুর শহরে রোড শোকে সফল করতে প্রশাসনিক ও দলীয়—দুই স্তরেই তৎপরতা এখন তুঙ্গে। দেবের হেলিকপ্টার অবতরণের জন্য তৈরি করা হচ্ছে একটি অস্থায়ী হেলিপ্যাড, এবং সেই কাজ নিজে দাঁড়িয়ে খতিয়ে দেখছেন রামজীবনপুর পৌরসভার চেয়ারম্যান কল্যাণ তেওয়ারি। নিরাপত্তা, জনসমাগম নিয়ন্ত্রণ, যান চলাচল এবং রোড শোর রুট—সবকিছু নিয়েই চলছে চূড়ান্ত প্রস্তুতি।

চেয়ারম্যান কল্যাণ তেওয়ারি জানান, এই রোড শোকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতো। তাঁর কথায়, দেবের উপস্থিতি শুধু কর্মীদের মনোবলই বাড়াবে না, নির্বাচনী প্রচারেও নতুন গতি এনে দেবে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিশ্বাস, এই কর্মসূচি চন্দ্রকোনা বিধানসভায় দলের পক্ষে ইতিবাচক বার্তা দেবে। শুধু দলীয় কর্মী-সমর্থকরাই নন, সাধারণ মানুষের মধ্যেও অভিনেতা-সাংসদ দেবকে একঝলক দেখার আগ্রহ তুঙ্গে। রামজীবনপুর ও আশপাশের এলাকা থেকে বিপুল মানুষের সমাগম হতে পারে বলে অনুমান করা হচ্ছে। তৃণমূল শিবিরের দাবি, এই রোড শোকে কেন্দ্র করে জনতার ঢল নামবে এবং চন্দ্রকোনা কেন্দ্র থেকে ২০ হাজারের বেশি ভোটে লিড দেওয়ার বার্তাও উঠে আসছে মাঠ পর্যায়ের সংগঠন থেকে। সব মিলিয়ে, ১৬ এপ্রিলের এই রোড শো এখন চন্দ্রকোনার নির্বাচনী রাজনীতিতে অন্যতম বড় আকর্ষণ হয়ে উঠেছে। দেবের তারকাখ্যাতি ও সাংসদ পরিচয়—দুই মিলিয়ে এই প্রচারসভা যে ভোটের লড়াইয়ে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে, তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।