মহেশতলায় ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ল ঝুপড়ি, ওভারহেড তার ক্ষতিগ্রস্ত—শিয়ালদহ-বজবজ শাখায় ট্রেন বন্ধে চরম ভোগান্তি!

নিজস্ব সংবাদদাতা : সপ্তাহান্তের দুপুরে আচমকাই বিধ্বংসী অগ্নিকাণ্ডে স্তব্ধ হয়ে গেল রেল পরিষেবা। মহেশতলার আক্রা ও সন্তোষপুর স্টেশনের মাঝামাঝি বস্তিতে ভয়াবহ আগুনে মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যায় অন্তত ৪০ থেকে ৬০টি ঝুপড়ি। লেলিহান শিখার তীব্রতায় রেললাইনের ওভারহেড বৈদ্যুতিক তার পুড়ে যাওয়ায় পুরো শাখাতেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঘটনার জেরে Eastern Railway কর্তৃপক্ষ নিরাপত্তার কারণে শিয়ালদহ-বজবজ শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয়। দুপুর দেড়টা থেকে পরিষেবা বন্ধ থাকায় হাজার হাজার নিত্যযাত্রী চরম দুর্ভোগে পড়েন। বর্তমানে ট্রেন পরিষেবা সীমাবদ্ধ রাখা হয়েছে মাঝেরহাট পর্যন্ত।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার প্রায় ১টা ৩০ মিনিট নাগাদ আগুনের সূত্রপাত হয়। প্রথমে ছোট পরিসরে শুরু হলেও মুহূর্তের মধ্যে তা ভয়াবহ আকার নেয়। দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে, তবে আগুনের তীব্রতা এতটাই ছিল যে দ্রুত তা আশপাশে ছড়িয়ে পড়ে।এখনও পর্যন্ত বড়সড় কোনও হতাহতের খবর না মিললেও, গোটা এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন। আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় রেল ও স্থানীয় প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে, তবে যাত্রী দুর্ভোগ কবে কাটবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েই গিয়েছে।