ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা,৩৬ দিনের আন্দোলনের পর বড় সিদ্ধান্ত সিজেপির!
নিজস্ব সংবাদদাতা : নিট কেলেঙ্কারির প্রতিবাদে দীর্ঘ ৩৬ দিনের দেশজোড়া ছাত্র আন্দোলনে-আন্দোলনকারীদের অন্যতম প্রধান দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। নিট পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগের পর থেকেই তাঁর পদত্যাগের দাবিতে সরব হয়েছিল আন্দোলনকারীরা। সেই আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল—শিক্ষাক্ষেত্রে অনিয়মের দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পদ ছাড়তে হবে। শেষে দেশজোড়া ছাত্র আন্দোলনের চাপে মন্ত্রিত্ব থেকে সরতে হল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। শনিবার ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের ইস্তফাপত্র পাঠিয়েছেন। নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী তা রাষ্ট্রপতির কাছে পাঠান এবং রাষ্ট্রপতি সেই ইস্তফাপত্র গ্রহণ করেছেন বলে সূত্রের খবর। শনিবার সেই দাবি পূরণ হওয়ার পরই দিল্লির যন্তর-মন্তর থেকে অবস্থান-বিক্ষোভ প্রত্যাহারের ঘোষণা করল সিজেপি।
শনিবার কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা ও জিতেন্দ্র সিংহের সঙ্গে প্রায় এক ঘণ্টার বৈঠকের পর সিজেপির পক্ষ থেকে জানানো হয়, তাদের সমস্ত দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে কেন্দ্র। সংগঠনের দাবি, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা ও এফআইআর প্রত্যাহার, ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ক্ষতিপূরণ এবং অন্যান্য দাবিতেও কেন্দ্র সম্মতি জানিয়েছে। বৈঠকের পর সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস জানান, সদিচ্ছার সঙ্গে আন্দোলন প্রত্যাহার করা হচ্ছে। তবে সরকারকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে বলেও স্পষ্ট করেছেন তিনি। সিজেপির দাবি, এই সিদ্ধান্ত কোনও চাপের কাছে নতি স্বীকার করে নয়। বরং তাদের মূল দাবিগুলি মেনে নেওয়ার আশ্বাস পাওয়ার পরই আন্দোলন প্রত্যাহার করা হয়েছে। ৩৬ দিনের টানা অবস্থানের পর আন্দোলন আপাতত শেষ হলেও, কেন্দ্র প্রতিশ্রুতি পূরণ করে কি না, এখন সেদিকেই নজর আন্দোলনকারীদের।