বক্স অফিসে রণবীর ঝড়! ৩ দিনেই ৫০০ কোটির গণ্ডি পেরিয়ে ইতিহাস গড়ল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’!

নিজস্ব সংবাদদাতা : বলিউডে নতুন ইতিহাস লিখল রণবীর সিং অভিনীত ধুরন্ধর: দ্য রিভেঞ্জ। মুক্তির মাত্র তিন দিনের মধ্যেই বিশ্বব্যাপী ৫০০ কোটির মাইলস্টোন ছুঁয়ে ফেলেছে এই ছবি, যা ভারতীয় সিনেমার ইতিহাসে নজিরবিহীন।অদিত্য ধর পরিচালিত এই স্পাই-থ্রিলার সিক্যুয়েল শুরু থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে। ১৯ মার্চ আনুষ্ঠানিক মুক্তির আগে ১৮ মার্চ থেকেই পেইড প্রিভিউ শুরু হয়, আর তারপর থেকেই শুরু হয় আয়ের ঝড়।প্রথম দিনে ভারতে ছবির নেট কালেকশন ছিল প্রায় ১০২.৫৫ কোটি টাকা। দ্বিতীয় দিনে আয় দাঁড়ায় ৮০.৭২ কোটি, আর তৃতীয় দিনে তা লাফিয়ে ছাড়িয়ে যায় ১১৩ কোটির গণ্ডি। ফলে মাত্র তিন দিনেই ভারতে মোট নেট কালেকশন পৌঁছে যায় ৩৩৯.২৭ কোটিতে।বিদেশের বাজারেও সমান দাপট দেখিয়েছে এই ছবি। ওভারসিজ থেকে এসেছে প্রায় ৯৬.৫০ কোটি টাকা, যার ফলে বিশ্বব্যাপী গ্রস কালেকশন দাঁড়িয়েছে ৫০১.০৪ কোটি টাকায়। এত দ্রুত ৫০০ কোটির ক্লাবে ঢোকার রেকর্ড আগে কোনো ভারতীয় ছবি গড়তে পারেনি।ছবির এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রয়েছে রণবীর সিংয়ের ম্যাস অ্যাপিল, হাই-অকটেন অ্যাকশন এবং টানটান স্পাই স্টোরির। ছবিতে তিনি জাসকিরত সিং রাঙ্গির চরিত্রে অভিনয় করেছেন, যে পরিচয় বদলে হামজা আলি মাজারি হয়ে লিয়ারির আন্ডারওয়ার্ল্ডে প্রবেশ করে এবং ধীরে ধীরে অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়। তাঁর এই তীব্র অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে।এছাড়াও সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল এবং রাকেশ বেদী-সহ শক্তিশালী স্টার কাস্ট ও হাই-ভোল্টেজ অ্যাকশন দৃশ্য ছবিটিকে আরও জনপ্রিয় করে তুলেছে।বিদেশের বাজারে ছবিটি কার্যত রেকর্ড ভেঙে দিয়েছে। উত্তর আমেরিকায় (যুক্তরাষ্ট্র ও কানাডা) তৃতীয় দিনে ৪-৪.৫ মিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা তৈরি হয়েছে, যা ভারতীয় ছবির ক্ষেত্রে সর্বোচ্চ সিঙ্গেল-ডে গ্রস হতে পারে। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানিয়েছেন, শুধু যুক্তরাষ্ট্রেই আয় ৪৬.৩৪ কোটি, কানাডায় ১৮.৭৫ কোটি এবং যুক্তরাজ্যে ১১.৬০ কোটি টাকা ছুঁয়েছে।সব মিলিয়ে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ শুধু বক্স অফিসে নয়, ভারতীয় সিনেমার ইতিহাসেও এক নতুন মাইলস্টোন স্থাপন করল।