আইএসএলের দরজা বন্ধ ডায়মন্ড হারবারের,১৩ দলেই চূড়ান্ত লিগ
নিজস্ব সংবাদদাতা: আইএফএল চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে খেলার যোগ্যতা অর্জন করেও দেশের প্রধান ফুটবল লিগে জায়গা হল না ডায়মন্ড হারবার এফসির। নির্ধারিত সময়ের মধ্যে পার্টিসিপেশন ফি জমা দিতে না পারায় আইএসএল ২০২৬-২৭ মরশুম থেকে বাদ পড়তে হল ডায়মন্ড হারবার এফসি ক্লাবকে। গত মরশুমে আইএফএল চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম বার আইএসএলে খেলার সুযোগ পেয়েছিল ডায়মন্ড হারবার এফসি। ফলে ক্লাবের ইতিহাসে এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। কিন্তু আর্থিক সমস্যার কারণে সেই স্বপ্ন বাস্তবায়িত হল না। আইএসএলে অংশ নেওয়ার জন্য ফেডারেশনকে ৫৫ লক্ষ টাকা পার্টিসিপেশন ফি জমা দেওয়ার শেষ সময় ছিল ১৯ আগস্ট দুপুর ২টো। এর আগে ১৪ আগস্ট পর্যন্ত টাকা জমা দেওয়ার সময়সীমা ছিল। ডায়মন্ড হারবার এফসি কর্তৃপক্ষের আবেদনের পর সেই সময়সীমা বাড়ানো হলেও শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে পারেনি ক্লাব।ডায়মন্ড হারবারের এই পরিস্থিতির কথা মাথায় রেখেই ফেডারেশন ১৩টি দলকে নিয়ে আইএসএল আয়োজনের প্রস্তুতি শুরু করেছিল। শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তই চূড়ান্ত হয়েছে। এআইএফএফ জানিয়েছে, ২০২৬-২৭ মরশুমে মোট ১৩টি দল অংশ নেবে। হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে ডাবল রাউন্ড রবিন ফরম্যাটে হবে প্রতিযোগিতা। লিগ শুরুর নির্দিষ্ট তারিখ পরে ঘোষণা করা হবে।আইএসএলে অংশগ্রহণের জন্য ক্লাবগুলিকে মোট ১.১ কোটি টাকা জমা দেওয়ার কথা জানিয়েছিল এআইএফএফ। নির্ধারিত সময়ের মধ্যে অধিকাংশ ক্লাব টাকা জমা দিলেও কয়েকটি ক্লাব সমস্যায় পড়ে। জামশেদপুর এফসি টাকা জমা না দিয়ে দল তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়। এবার একই কারণে ডায়মন্ড হারবারকেও আইএসএল থেকে সরে দাঁড়াতে হল। কলকাতা লিগ ও ডুরান্ড কাপের পর এবার আইএসএলেও ডায়মন্ড হারবারের অভিযান শুরু হওয়ার আগেই থেমে গেল।