দিঘায় সমুদ্রের রুদ্ররূপ, নিরাপত্তার স্বার্থে পর্যটকদের জন্য কড়া বিধি নিষেধ
নিজস্ব সংবাদদাতা :নিম্নচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে দিঘার সমুদ্র। একটানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে সৈকত শহরে তৈরি হয়েছে দুর্যোগপূর্ণ পরিস্থিতি। সমুদ্রের কাছে এসেও স্নান করতে না পেরে হতাশ হয়ে ফিরছেন বহু পর্যটক।ওড়িশা উপকূলের কাছে অবস্থান করা নিম্নচাপ সোমবার দুপুরের পর পূর্ব মেদিনীপুরের কাঁথির কাছ দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে। এর জেরে দক্ষিণবঙ্গজুড়ে সপ্তাহভর দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।নিরাপত্তার কারণে দিঘায় সমুদ্র স্নান ও সৈকতে নামার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে পর্যটকদের গার্ডওয়ালের পাশ থেকেই উত্তাল সমুদ্রের রূপ দেখতে হচ্ছে।নিম্নচাপের প্রভাবে দিঘা উপকূলে সকাল থেকেই দেখা দিয়েছে জলোচ্ছ্বাস। প্রবল বাতাসের কারণে উপকূলবর্তী এলাকায় সতর্কতা বাড়ানো হয়েছে। পাশাপাশি মাছ ধরার ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।পরিস্থিতি মোকাবিলায় দিঘা ও দিঘা মোহনা থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে চলছে কড়া নজরদারি। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।