‘Dignity For All, Harassment For None’—নাড়াজোল রাজ কলেজে সচেতনতামূলক কর্মশালা!

নিজস্ব সংবাদদাতা : শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানিমুক্ত, নিরাপদ এবং সকলের জন্য সমান মর্যাদাসম্পন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে নাড়াজোল রাজ কলেজের স্মার্ট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল "Dignity For All, Harassment For None" শীর্ষক একটি সচেতনতা কর্মশালা।কলেজের ইন্টারনাল কমপ্লেইন্ট কমিটি (ICC), জেন্ডার ইক্যুইটি সেল এবং এনসিসি-র যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ড. বাসুদেব মণ্ডল। স্বাগত ভাষণে তিনি শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ, বৈষম্যহীন ও সম্মানজনক পরিবেশ গড়ে তুলতে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দাসপুরের গান্ধী মিশন ট্রাস্ট-এর সম্পাদক সৌমিত্রী ভট্টাচার্য। তিনি নিজের অভিজ্ঞতার আলোকে কিশোরী ও তরুণীদের বিভিন্ন সামাজিক সমস্যার পাশাপাশি আত্মনির্ভরশীল হয়ে ওঠার সুযোগ ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অন্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পিপিজিসি ও পঞ্চায়েত আধিকারিক জয়শ্রী চক্রবর্তী। তিনি লিঙ্গ বৈষম্যের কারণ ও প্রতিকার, নারীদের সাংবিধানিক অধিকার, বিভিন্ন আইনি সুরক্ষা এবং সরকারি ও বেসরকারি কল্যাণমূলক প্রকল্প সম্পর্কে তথ্যসমৃদ্ধ বক্তব্য রাখেন।কর্মশালার উদ্দেশ্য ও তাৎপর্য ব্যাখ্যা করেন কলেজের আইসিসি-র চেয়ারপার্সন অধ্যাপিকা রাজশ্রী দেবনাথ। অনুষ্ঠানের শেষে জেন্ডার ইক্যুইটি সেলের কনভেনর অধ্যাপিকা বৈশালী গুহ ধন্যবাদজ্ঞাপন করেন।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের এনসিসি কেয়ারটেকার অফিসার অধ্যাপক উত্তম সিংহ। বিভিন্ন বিভাগের অধ্যাপক-অধ্যাপিকা, শিক্ষাকর্মী এবং বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীর উপস্থিতিতে কর্মশালাটি সফলভাবে সম্পন্ন হয়।