শিক্ষক দিবসে নিমপুরা আর্য বিদ্যাপীঠে দিলীপ ঘোষ, পড়ুয়াদের সামনে তুলে ধরলেন রাধাকৃষ্ণন-বিবেকানন্দের আদর্শ!
অরিন্দম চক্রবর্তী: শিক্ষক দিবস উপলক্ষে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে নিমপুরা আর্য বিদ্যাপীঠ প্রাথমিক ও হাইস্কুলে উপস্থিত হলেন দিলীপ ঘোষ। ৫ সেপ্টেম্বরের অনুষ্ঠানে পড়ুয়াদের সঙ্গে শিক্ষক দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করার পাশাপাশি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন ও স্বামী বিবেকানন্দের বিভিন্ন আদর্শ ও জীবনদর্শনের কথা তুলে ধরেন তিনি।
শিক্ষক দিবসের এই অনুষ্ঠানে দিলীপ ঘোষের পাশাপাশি উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিনী রিঙ্কু ঘোষ, টাউন মহিলা থানার আইসি প্রতিভা হালদার, ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর টি. নগেন্দ্র, বিজেপির জেলা সাধারণ সম্পাদক মনোজ দে-সহ অন্যান্য অতিথিরা।শিক্ষক দিবসের গুরুত্ব ব্যাখ্যা করে দিলীপ ঘোষ বলেন, শিক্ষকদের অবদান শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। তাঁদের শিক্ষা ও আদর্শই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ‘বন্দেমাতরম’ ও ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রসঙ্গও তোলেন তিনি। তাঁর বক্তব্য, বঙ্কিমচন্দ্রের রচিত ‘বন্দেমাতরম’ ভারতবর্ষের জাতীয় চেতনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এর দেড়শো বছর পূর্তিকে কেন্দ্র করে বাংলার গর্বের কথাও তুলে ধরেন তিনি।এদিন আর জি কর-কাণ্ড প্রসঙ্গেও বক্তব্য রাখেন দিলীপ ঘোষ। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করে তিনি বলেন, পীড়িত পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করা প্রয়োজন।
ঘটনার সঙ্গে যুক্ত বলে যাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হলে প্রকৃত সত্য সামনে আসতে পারে বলেও মন্তব্য করেন তিনি।পড়ুয়াদের উপস্থিতি, শিক্ষক-শিক্ষিকাদের সংবর্ধনা এবং অতিথিদের বক্তব্যের মধ্য দিয়ে বিদ্যালয়ে শিক্ষক দিবসের অনুষ্ঠানটি বিশেষভাবে পালিত হয়।