বহুদিনের বিরতির পর আবারও একই মঞ্চে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি নেতা দিলীপ ঘোষকে!

নিজস্ব সংবাদদাতা : বহুদিনের বিরতির পর আবারও একই মঞ্চে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি নেতা দিলীপ ঘোষকে। শনিবার কলকাতার ঐতিহাসিক ব্রিগেড ময়দানে আয়োজিত বিজেপির বিশাল জনসভায় উপস্থিত হয়ে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন দিলীপ ঘোষ। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর থেকেই দলের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছে—এমন জল্পনা দীর্ঘদিন ধরেই চলছিল রাজনৈতিক মহলে। কিন্তু বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় তাঁর উপস্থিতি অনেকের মতে স্পষ্ট রাজনৈতিক বার্তা বহন করছে। শনিবার দুপুরে গোলাপি কুর্তা পরে ব্রিগেডের মঞ্চে হাজির হন দিলীপ ঘোষ।

মঞ্চে উঠে তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। বক্তব্য রাখতে গিয়ে তাঁর অভিযোগ, বর্তমান সরকার থাকলে রাজ্যের সাধারণ মানুষের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তিনি দাবি করেন, কেন্দ্র সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প—যেমন আবাস যোজনা, পানীয় জলের প্রকল্প, গ্যাস সংযোগ ও রেশন ব্যবস্থায় ব্যাপক দুর্নীতি চলছে। তাঁর কথায়, “এই দুর্নীতির জাল ছিঁড়তে হলে পরিবর্তন জরুরি।” এছাড়াও বাংলায় নারী নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। দিলীপ ঘোষের অভিযোগ, রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে এবং এই বিষয়ে রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও তিনি কড়া সমালোচনা করেন। তাঁর বক্তব্য, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসার মুখে ব্রিগেডের এই সভা এবং সেখানে দিলীপ ঘোষের উপস্থিতি বিজেপির অন্দরে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এখন দেখার, এই উপস্থিতি আগামী দিনের রাজ্য রাজনীতিতে কতটা প্রভাব ফেলে।