খড়গপুরে বিজেপির বিজয় মিছিল, উৎসবের আবহে শহরজুড়ে উচ্ছ্বাস!
সেখ ওয়ারেশ আলী : খড়গপুরে বিজেপির জয় উদযাপনকে কেন্দ্র করে শনিবার উৎসবের আবহে মেতে উঠল গোটা শহর। রথতলা জগন্নাথ মন্দির থেকে তালবাগিচা বাজার পর্যন্ত বিশাল বিজয় মিছিলের আয়োজন করে বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। এই মিছিলে অংশ নেন হাজার হাজার সমর্থক ও সাধারণ মানুষ। দলীয় পতাকা, ঢাক-ঢোল, আবির এবং স্লোগানে মুখর হয়ে ওঠে খড়গপুরের একাধিক রাস্তা।বিজয় মিছিলে বিশেষ আকর্ষণ ছিলেন রাজ্যের মন্ত্রী তথা খড়গপুরের বিজেপি বিধায়ক Dilip Ghosh।
হুড খোলা গাড়িতে দাঁড়িয়ে রাস্তার দু’ধারে উপস্থিত মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। বহু মানুষকে মোবাইলে ছবি ও ভিডিও তুলতে দেখা যায়। বিভিন্ন জায়গায় ফুল ছিটিয়ে ও মালা পরিয়ে তাঁকে স্বাগত জানান বিজেপি কর্মী-সমর্থকরা।মিছিলকে ঘিরে সাধারণ মানুষের উৎসাহ ও উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই রথতলা এলাকায় ভিড় জমাতে শুরু করেন মানুষ। নারী-পুরুষ থেকে যুব সমাজ— সকলের উপস্থিতিই ছিল উল্লেখযোগ্য। বিজেপি নেতৃত্বের দাবি, এই বিপুল জনসমাগম প্রমাণ করছে খড়গপুরে মানুষের সমর্থন ও আস্থা আরও দৃঢ় হয়েছে।পুরো মিছিল জুড়ে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। শান্তিপূর্ণভাবেই শেষ হয় এই বর্ণাঢ্য বিজয় মিছিল। বিজেপি কর্মীদের বক্তব্য, মানুষের আশীর্বাদ ও সমর্থনকে সঙ্গে নিয়েই আগামী দিনে খড়গপুরের উন্নয়নের কাজ আরও জোরদার করা হবে বলে আশ্বাস দিয়েছেন Dilip Ghosh।