ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর জীবন ও দর্শন নিয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা!
নিজস্ব সংবাদদাতা : ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর পক্ষস্মরণ উপলক্ষে সোমবার (২৯ জুন) বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ড. শ্যামাপ্রসাদ মুখার্জী স্মারক বক্তৃতা। বিশ্ববিদ্যালয়ের বি. এন. শাসমল হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড. অনির্বাণ গাঙ্গুলী, ড. শ্যামাপ্রসাদ মুখার্জী রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ট্রাস্টি, নয়া দিল্লি।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক পরেশ চন্দ্র জানা, কলা ও বাণিজ্য অনুষদের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক অরিন্দম গুপ্ত, বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ড. জয়ন্ত কিশোর নন্দী, মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক কেশব চন্দ্র মণ্ডল, দর্শন ও জীবনজগৎ বিভাগের অধ্যাপক তপন কুমার দে-সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক-অধ্যাপিকা, আধিকারিক, গবেষক-গবেষিকা, ছাত্র-ছাত্রী এবং শিক্ষাকর্মীরা।
মূল বক্তৃতায় ড. অনির্বাণ গাঙ্গুলী ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর জীবন, কর্ম, শিক্ষাচিন্তা, জাতীয়তাবাদী দর্শন এবং দেশগঠনে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁর তথ্যসমৃদ্ধ ও মনোমুগ্ধকর বক্তব্য উপস্থিত শ্রোতাদের বিশেষভাবে আকৃষ্ট করে এবং আলোচনা সভাকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।
অনুষ্ঠানের শেষ পর্বে ড. শ্যামাপ্রসাদ মুখার্জীকে কেন্দ্র করে আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় সফল ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। আয়োজকদের মতে, এই ধরনের স্মারক বক্তৃতা ও বৌদ্ধিক আলোচনার মাধ্যমে নবীন প্রজন্মের কাছে ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর আদর্শ ও চিন্তাধারা আরও বিস্তৃতভাবে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।