দলের দায়িত্ব ভাগ করে দিলেন মমতা, তৃণমূলে নতুন কমিটি নিয়ে জোর চর্চা
অভিজিৎ সাহা : আগামী রাজনৈতিক লড়াইকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসে বড় সাংগঠনিক পরিবর্তনের ঘোষণা করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কালীঘাটে অনুষ্ঠিত জাতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে দলের বিভিন্ন স্তরে নতুন দায়িত্ব বণ্টনের কথা জানানো হয়।সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদে অভিষেক বন্দ্যোপাধ্যায় বহাল থাকলেও সংগঠনের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব বিভিন্ন নেতার মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। রাজ্য সহ-সভাপতি হিসেবে সাজদা আহমেদ, মমতাবালা ঠাকুর ও নয়না বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি বাবর আলি, পুলক রায়, অসীমা পাত্র, অরূপ বিশ্বাস ও রাজীব বন্দ্যোপাধ্যায়কে রাজ্য সাধারণ সম্পাদক করা হয়েছে।যুব তৃণমূলের সভাপতি হয়েছেন সায়নী ঘোষ, মহিলা তৃণমূলের দায়িত্বে মালা রায় এবং ছাত্র পরিষদের সভাপতি হয়েছেন প্রিয়াঙ্কা অধিকারী। এছাড়াও আইএনটিটিইউসির সভাপতি হিসেবে মলয় ঘটক এবং হকার সংগঠনের সভাপতি হিসেবে মদন মিত্রের নাম ঘোষণা করা হয়েছে।রাজনৈতিক মহলের মতে, দলের অভ্যন্তরীণ ভারসাম্য বজায় রাখা এবং সংগঠনকে আরও শক্তিশালী করতেই এই পুনর্গঠন। নতুন কমিটি আগামী দিনে তৃণমূলের সাংগঠনিক কর্মকাণ্ডে কতটা প্রভাব ফেলে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।