বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে প্রামাণ্যচিত্র ও তথ্যভিত্তিক প্রদর্শনী, স্মরণে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়!

নিজস্ব সংবাদদাতা : ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পক্ষ উদ্‌যাপন উপলক্ষে শুক্রবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে একাধিক শিক্ষামূলক ও স্মারক কর্মসূচির আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে তাঁর জীবন, কর্ম ও জাতীয় জীবনে অবদান তুলে ধরতে প্রামাণ্যচিত্র প্রদর্শনীর পাশাপাশি একটি তথ্যসমৃদ্ধ প্রদর্শনীরও আয়োজন করা হয়।

এদিন দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের রাজনারায়ণ বসু সভাকক্ষে (বেতার বিদ্যাসাগরের নিকটে) ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও কর্মভিত্তিক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। প্রামাণ্যচিত্রের মাধ্যমে উপস্থিত ছাত্র-ছাত্রী, গবেষক, শিক্ষক, আধিকারিক এবং কর্মচারীরা তাঁর শিক্ষাক্ষেত্রে অবদান, দেশপ্রেম, রাজনৈতিক দর্শন এবং জাতীয় জীবনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।

একই দিনে রাজনারায়ণ বসু সভাকক্ষের সংলগ্ন এলাকায় ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও কর্মভিত্তিক একটি বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. জয়ন্ত কিশোর নন্দী, জাতীয় সেবা প্রকল্প (এনএসএস)-এর কর্মসূচি সমন্বয়কারী অধ্যাপক দেবদুলাল বন্দ্যোপাধ্যায় এবং আইকিউএসি-র অধিকর্তা অধ্যাপক মধুমঙ্গল পাল-সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিশিষ্ট আধিকারিক ও শিক্ষক-শিক্ষিকারা।

প্রদর্শনীতে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন, শিক্ষাদর্শ, সমাজভাবনা, রাষ্ট্রনায়ক হিসেবে তাঁর ভূমিকা এবং জাতীয় জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায় আলোকচিত্র, তথ্যপ্যানেল ও ঐতিহাসিক নথির মাধ্যমে উপস্থাপন করা হয়। প্রদর্শনীটি ছাত্র-ছাত্রী, গবেষক, শিক্ষক ও কর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে এবং তাঁরা গভীর মনোযোগের সঙ্গে তা পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে, এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল নতুন প্রজন্মের কাছে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনাদর্শ, শিক্ষাচিন্তা এবং জাতীয় চেতনার বার্তা তুলে ধরা। শিক্ষামূলক এই উদ্যোগ বিশ্ববিদ্যালয় সম্প্রদায়ের মধ্যে ইতিহাসচর্চা ও জাতীয় ভাবনার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও মত প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।