চলন্ত বাসে চালকের স্ট্রোক, চন্দ্রকোনার কালিকাপুরে দুর্ঘটনা—অল্পের জন্য রক্ষা পেলেন সকল যাত্রী!
সুমন মন্ডল : চলন্ত বাসের চালক আচমকাই অসুস্থ হয়ে পড়ায় দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রীবাহী বাস। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার কালিকাপুর এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে সৌভাগ্যবশত বাসে থাকা সকল যাত্রী নিরাপদ রয়েছেন।জানা গিয়েছে, চন্দ্রকোনা থেকে ঘাটালগামী কৃষ্ণা সুদামা যাত্রীবাহী বাসটি কালিকাপুরে যাত্রী নামিয়ে ঘাটালের উদ্দেশ্যে রওনা দেয়।
কিছুদূর যাওয়ার পর দীপ প্যালেসের বিপরীতে হঠাৎ বাসচালক স্ট্রোকে আক্রান্ত হন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। অসুস্থ হয়ে পড়ায় তিনি বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর বাসটি রাস্তার ধারে একটি বাড়ির বাগানের কাঁটাতারের বেড়ায় গিয়ে ধাক্কা মারে।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে হাত লাগান। বাসে থাকা যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়। ঘটনায় কোনো যাত্রীর আহত হওয়ার খবর নেই।অসুস্থ বাসচালককে দ্রুত উদ্ধার করে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা চলছে।ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা শুরু করেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, চালকের আকস্মিক শারীরিক অসুস্থতাই এই দুর্ঘটনার মূল কারণ।