বৃষ্টিতে বিপর্যস্ত খড়্গপুর-কেশিয়াড়ি সড়ক, লেঙ্গামারা ব্রিজে জল বাড়ায় বন্ধ যান চলাচল!
নিজস্ব সংবাদদাতা : টানা বৃষ্টি ও জল জমে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠেছে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ীতে। খড়্গপুর-কেশিয়াড়ি রাজ্য সড়কের ৫ নম্বর রাজ্য সড়কে লেঙ্গামারা ও হাতিগেড়িয়ার মধ্যবর্তী অস্থায়ী ডাইভারশন বা সেতুর উপর জল উঠে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয়েছে।
পরিস্থিতির অবনতি হওয়ায় ওই পথে যান চলাচল বন্ধ রাখার পরিস্থিতি তৈরি হয়েছে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লেঙ্গামারা ব্রিজ সংলগ্ন এলাকায় জলের স্রোত আরও বাড়ছে। ফলে ওই রাস্তা দিয়ে যানবাহন চলাচল কার্যত বন্ধ হয়ে পড়েছে। খড়্গপুর বা মেদিনীপুরের দিকে যাতায়াতকারী সাধারণ মানুষকে বর্তমানে বেশ কয়েক কিলোমিটার ঘুরে বেলদা-নারায়ণগড় হয়ে গন্তব্যে পৌঁছতে হচ্ছে।জলের স্রোত বাড়তে থাকায় স্থানীয় বাসিন্দা ও নিত্যযাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
বিশেষ করে জরুরি পরিষেবা ও দৈনন্দিন যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ।স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ে পূর্ত দপ্তরের সঙ্গে আলোচনা করা হয়েছে। জলস্তর কমলেই অস্থায়ী সেতুটিকে ফের যান চলাচলের উপযোগী করে তোলার উদ্যোগ নেওয়া হবে।তবে বৃষ্টি ও জলের স্রোত অব্যাহত থাকায় আপাতত ওই পথে যাতায়াতের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।