২২ বছর পর ডুরান্ডে লাল-হলুদ ঝড়! মোহনবাগানকে ৪-১ উড়িয়ে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল!

নিজস্ব সংবাদদাতা : কলকাতা ডার্বিতে সবুজ-মেরুনকে কার্যত উড়িয়ে দিয়ে দীর্ঘ ২২ বছর পর ডুরান্ড কাপের খেতাব জিতল ইস্টবেঙ্গল। ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টকে ৪-১ গোলে হারিয়ে রবিবার সন্ধ্যায় ইতিহাস গড়ল লাল-হলুদ ব্রিগেড। ম্যাচের প্রথমার্ধেই চার গোল করে প্রতিপক্ষের কোমর ভেঙে দেয় ইস্টবেঙ্গল। আর এই জয়ের নায়ক এডমুণ্ড—ফাইনালে একাই তিন গোল করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন।ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচে ইস্টবেঙ্গলের কাছে জয় পেয়েছিল মোহনবাগান। কিন্তু ফাইনালে সেই হিসাব সুদে-আসলে মিটিয়ে দিল আন্তোনিও লোপেজ হাবাসের দল। শুধু ট্রফি জয় নয়, ডার্বির মঞ্চে আরও একটি স্মরণীয় স্কোরলাইন তৈরি করল ইস্টবেঙ্গল।

ম্যাচের শুরুতে বলের দখল এবং আক্রমণ তৈরিতে কিছুটা এগিয়ে ছিল মোহনবাগান। কিন্তু ১০ মিনিটেই ম্যাচের গতিপথ বদলে দেয় ইস্টবেঙ্গল। বক্সের বাঁ দিক থেকে শুভাশিস বসুকে কাটিয়ে বিপিন সিংয়ের মাটি ঘেঁষা শট বিশাল কাইথকে পরাস্ত করে জালে জড়িয়ে যায়। ১-০ এগিয়ে যায় লাল-হলুদ।দ্বিতীয় গোলের জন্য অবশ্য বেশি অপেক্ষা করতে হয়নি। মাত্র দুই মিনিট পর বক্সের বাইরে থেকে এডমুণ্ডের দুরন্ত শট। ঝাঁপিয়েও বলের নাগাল পাননি মোহনবাগান গোলরক্ষক বিশাল কাইথ। ১২ মিনিটের মধ্যেই ২-০।২২ মিনিটে ফের মোহনবাগানের রক্ষণ ভেঙে দেন এডমুণ্ড। ড্যানিয়েল রামিরেজের পাস ধরে বক্সে ঢুকে প্রথমে এক ডিফেন্ডার এবং পরে গোলরক্ষক বিশাল কাইথকে কাটিয়ে ফাঁকা জালে বল পাঠান তিনি। ইস্টবেঙ্গল তখন ৩-০ এগিয়ে।

৩৩ মিনিটে অবশ্য একটি গোল শোধ করে মোহনবাগান। আপুইয়ার পাস পেয়ে ডান দিক দিয়ে বক্সে ঢুকে ব্যক্তিগত দক্ষতায় জয় গুপ্তকে কাটিয়ে বাঁ-পায়ের শটে গোল করেন মনবীর সিং। আনোয়ার আলির পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়িয়ে যায়। স্কোরলাইন ৩-১।তবে মোহনবাগানের প্রত্যাবর্তনের আশা বেশিক্ষণ স্থায়ী হয়নি।

প্রথমার্ধের ৪৪ মিনিটে ফের গোল এডমুণ্ডের। মহম্মদ রশিদের ফ্রি-কিক থেকে জয় গুপ্তর বাড়ানো বল জালে ঠেলে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। বিরতিতে ৪-১ ব্যবধানে এগিয়ে যায় ইস্টবেঙ্গল।দ্বিতীয়ার্ধে গোলের ব্যবধান কমানোর মরিয়া চেষ্টা করে মোহনবাগান। ৬৫ মিনিটে পেনাল্টি বক্সের ভিতর থেকে বিপিনের জোরালো শটও দুর্দান্ত দক্ষতায় রুখে দেন বিশাল কাইথ। কিন্তু আর কোনও গোল না হওয়ায় শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানেই ম্যাচ জিতে নেয় ইস্টবেঙ্গল।এই জয়ের সঙ্গে ২২ বছর পর ফের ডুরান্ড কাপের ট্রফি ঘরে তুলল লাল-হলুদ। এর আগে ১৯৯৭ সালের ফেডারেশন কাপ সেমিফাইনালে বাইচুং ভুটিয়ার হ্যাটট্রিকে মোহনবাগানকে ৪-১ গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গল। দীর্ঘ ২৯ বছর পর কলকাতা ডার্বির আরও এক বড় মঞ্চে সেই একই স্কোরলাইনে সবুজ-মেরুনকে হারাল লাল-হলুদ। এবার নায়ক এডমুণ্ড।ডার্বির মঞ্চে এমন দাপুটে জয় এবং বহু প্রতীক্ষিত ডুরান্ড কাপ জয়ে উচ্ছ্বাসে ভাসল ইস্টবেঙ্গল সমর্থকরা।