মহালয়ার পুণ্যতিথিতে ‘শাখা কুম্ভ’, চন্দ্রকোনা রোডে শেষ হল সঙ্ঘের শতবর্ষের অন্তিম কর্মসূচি!

নিজস্ব সংবাদদাতা : মহালয়ার পুণ্যতিথিতে শাখা কুম্ভের মধ্য দিয়ে সমাপ্ত হল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত দশ দিনব্যাপী বিশেষ কর্মসূচি। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড খণ্ডের শান্তিনগর কলোনি ময়দানে এই কর্মসূচির অন্তিম পর্ব অনুষ্ঠিত হয়। ‘শাখা বিস্তার—আমার গ্রাম, আমার শাখা’ কর্মসূচিকে কেন্দ্র করে স্বয়ংসেবকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।সঙ্ঘের শতবর্ষ উদ্‌যাপনের অঙ্গ হিসেবে চন্দ্রকোনা রোড খণ্ডের আটটি মণ্ডলের মোট ৩০টি স্থানে শাখা পরিচালিত হয়।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, মহালয়ার দিনে আয়োজিত শাখা কুম্ভে বালক, তরুণ ও প্রবীণ মিলিয়ে মোট ৩৭৬ জন স্বয়ংসেবক উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে বালক ১৮০ জন, তরুণ ১২০ জন এবং প্রবীণ ৭৬ জন।দশ দিনব্যাপী এই কর্মসূচির মাধ্যমে সংগঠনের শাখা বিস্তার এবং বিভিন্ন বয়সের মানুষের অংশগ্রহণ বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়। কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানে আগামী দিনের পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।

চন্দ্রকোনা রোড খণ্ডের খণ্ড কার্যবাহ রাজু ঘোষ জানান, আগামী দিনে খণ্ডের প্রতিটি গ্রামে একটি করে শাখা গড়ে তোলার চেষ্টা করা হবে। গ্রামস্তরে শাখার বিস্তার ঘটিয়ে আরও বেশি মানুষের কাছে পৌঁছনোর লক্ষ্য নিয়েই এই উদ্যোগ এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে সঙ্ঘ সূত্রে জানা গিয়েছে।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন খণ্ডের পালক জ্যোতি ঘোষ এবং প্রবীণ স্বয়ংসেবক তাপস মিশ্র, মদন রুইদাস ও ধীমান কোলে-সহ অন্যান্যরা।সঙ্ঘের শতবর্ষ উদ্‌যাপনকে কেন্দ্র করে আয়োজিত এই কর্মসূচির সমাপ্তির মধ্য দিয়ে চন্দ্রকোনা রোড খণ্ডে শাখা বিস্তারের উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেওয়া হয়েছে। আগামী দিনে প্রতিটি গ্রামে শাখা গড়ে তোলার লক্ষ্য কতটা বাস্তবায়িত হয়, এখন সেদিকেই নজর থাকবে।