ডিয়ার পার্ক থেকে ‘শিশুসাথী’—দুর্গাপুরে নতুন ঠিকানায় শিশুদের স্বপ্নের পার্ক, সন্ধ্যায় জমকালো উদ্বোধন!

নিজস্ব সংবাদদাতা : দীর্ঘদিন বন্ধ পড়ে থাকা ডিয়ার পার্কের জায়গায় অবশেষে নতুন প্রাণের সঞ্চার। দুর্গাপুর সিটি সেন্টারে গড়ে ওঠা ‘শিশুসাথী পার্ক’-এর আনুষ্ঠানিক উদ্বোধন হল ২৮শে ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ-এর চেয়ারম্যান কবি দত্ত, জেলাশাসক পুন্নমবলম এস, মহকুমাশাসক (দুর্গাপুর) সুমন বিশ্বাস এবং কীর্তি আজাদ সহ বিশিষ্ট ব্যক্তিরা।প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই পার্কের নামকরণ করেছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়।

তাঁর উদ্যোগ ও ভাবনায় শিশুদের জন্য একটি নিরাপদ ও আধুনিক বিনোদন কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যেই এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে।আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ-এর উদ্যোগে এবং একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় প্রায় ১.৭৭ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে এই পার্ক। শিশুদের জন্য থাকছে আধুনিক খেলাধুলোর সরঞ্জাম, রঙিন ও আকর্ষণীয় অবকাঠামো এবং নিরাপদ পরিবেশ। পাশাপাশি বিদেশি পাখির প্রদর্শনী পার্কের অন্যতম আকর্ষণ হিসেবে ইতিমধ্যেই কৌতূহল বাড়িয়েছে।শুধু শিশুদের জন্য নয়, বয়স্কদের কথাও ভেবে তৈরি করা হয়েছে আলাদা বসার জায়গা ও হাঁটার নিরাপদ ব্যবস্থা। সন্ধ্যার আলোয় আলোকসজ্জায় ঝলমল করা ‘শিশুসাথী পার্ক’ এখন থেকে দুর্গাপুরবাসীর নতুন বিনোদনকেন্দ্র হয়ে উঠবে বলেই আশা প্রশাসনের। দীর্ঘদিন পর পরিত্যক্ত জায়গায় এমন আধুনিক পার্ক গড়ে ওঠায় খুশি স্থানীয় বাসিন্দারা। তাঁদের কথায়, “এতে যেমন শিশুদের সময় কাটানোর সুন্দর জায়গা মিলবে, তেমনই শহরের সৌন্দর্যও বাড়বে।”